Home / খেলা / সিরিজ হার টাইগারদের
124

সিরিজ হার টাইগারদের

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
খেলা | ১০ মার্চ ২০২৪ | ২৬ ফালগুন ১৪৩০

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি২০ সিরিজ জিতে ইতিহাস গড়তে প্রয়োজন ছিলো ১৭৫ রান। প্রথম ম্যাচে দুইশ’র চ্যালেঞ্জে জিততে জিততে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়। শেষ ম্যাচে কিন্তু চরম ব্যাটিং ব্যর্থতায় হতাশ করল নাজমুল হোসেন শান্তর দল। ১৯.৪ ওভারে গুটিয়ে গেল ১৪৬ রানে।

৩২ রানেই ৬ উইকেট হারিয়ে বিধ্বস্ত বাংলাদেশের স্কোরটা ভদ্রস্থ হয়েছে মূলত টেল-এন্ডে রিশাদ হোসেনের কল্যাণে। আট নম্বরে নেমে এ লেগস্পিনার রেকর্ড ৭ ছক্কায় ৩০ বলে খেলেছেন ৫৩ রানের ইনিংস! হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া লঙ্কান পেসার নুয়ান থুশারা। ২-১এ জয়ী সিরিজে ১৮১ রান করে সিরিজসেরা ইনফর্ম কুসল মেন্ডিজ। চট্টগ্রামে প্রথম ওয়ানডে বুধবার।

১৭৫ রান তাড়ায় নেমে রীতিমতো লজ্জার রেকর্ডে নাম তোলার শঙ্কায় ছিল বাংলাদেশ। শেষে রিশাদ ও তাসকিন আহমেদের ঝড়ো ইনিংসে অবশ্য রক্ষা পায়। কিন্তু ৩২ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচে আর কখনোই ফিরতে পারেনি বাংলাদেশ। উইকেট হারানোর শুরুটা হতে পারত প্রথম বলেই। অ্যাঞ্জেলো ম্যাথুজের করা ওই বল লিটন দাসের প্যাডে লাগে। কিন্তু আম্পায়ারস কলে বেঁচে যান লিটন। তৃতীয় ওভার শুরু করেন ম্যাথুজ, কিন্তু চোটের কারণে তিনি মাঠ ছাড়েন।

তার ওভার শেষ করতে আসা ধনঞ্জয়া ডি সিলভার প্রথম বলেই ক্যাচ তুলে দেন লিটন। ১১ বলে ৭ রান করেন তিনি। তবে বাংলাদেশের জন্য মূল আতঙ্ক হয়ে ওঠেন থুশারা। আগের দুই ম্যাচে একাদশেই ছিলেন না তিনি। মাথিশা পাথিরানার চোটে সুযোগ পেয়ে এই পেসার নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করে ফেলেন থুশারা। দ্বিতীয় বলে শুরুটা হয় স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দিয়ে।

স্লিঙ্গিং অ্যাকশনের এই বোলারের বলে বোল্ড হন শান্ত (৬ বলে ১)। পরের বলে ক্রিজে আসেন তাওহীদ হৃদয় (০)। গুড লেন্থে পড়ে বল হালকা সুইং করে খুব জোরে আঘাত হানে হৃদয়ের স্টাম্পে। হ্যাটট্রিক বলে থুশারার মুখোমুখি হন মাহমুদুল্লাহ রিয়াদ (০)। আরও একটি বল গুড লেন্থে পড়ে সুইং করে বেরিয়ে যাওয়ার সময় রিয়াদের পায়ে লাগে। হ্যাটট্রিক পূর্ণ হয় থুশারার।
নিজের পরের ওভারে এসেও উইকেট পান থুশারা। সৌম্য সরকারের (১০ বলে ১১) স্টাম্প উপড়ে ফেলেন ইয়র্কারে। জাকের আলীও নিজের ইনিংস বড় করতে পারেননি। ১৩ বলে স্রেফ ৪ রান করে হাসরাঙ্গা ডি সিলভার গুগলি বুঝতে না পেরে এলবিডব্লিউ হন। পরে রিভিউ নিলেও কাজে আসেনি। ৩১ বলে ৪৪ রানের জুটিতে মান বাঁচানোর লড়াই করেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন। এর আগে ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানে অলআউট হওয়া টি২০তে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ।

৩২ রানে ৬ উইকেট হারিয়ে সেটির ভেতর আটকে পড়ার শঙ্কা জেগেছিল এদিনও। শেষ অবধি সেটি থেকে বাঁচিয়ে দেন রিশাদ। আগে টি২০ সবমিলিয়ে ৩ ইনিংসে ১৮ রান করেছিলেন তিনি। সুযোগ পেয়ে কাজে লাগান রিশাদ। হাফ সেঞ্চুরি ছাড়ানো ইনিংসে দলের মান বাঁচান রিশাদ। মাহেশ থিকসানাকে এক ওভারেই তিন ছক্কা হাঁকান তিনি। ইনিংসে একটিও চার না মারা রিশাদ ৭ ছক্কায় ৩০ বলে ৫৩ রান করেন। রিশাদের ৭ ছক্কা রেকর্ডও গড়েন।

এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশী ব্যাটার হিসেবে ৬ ছক্কার রেকর্ড গড়েন জাকের আলী অনিক। এবার সেটি ভেঙে দিয়েছেন রিশাদ। এরপর শুরু হয় তাসকিন শো। প্রথম তিন ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন থুশারা। তাকে প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকান তাসকিন। ওই ওভারের শেষ বলে শরিফুলের উইকেট নিয়ে ফাইফারও পূরণ হয় থুশারার। তবে ২১ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন তাসকিন।

যদিও তাতে কেবল হারের ব্যবধানই কমেছে। এর আগে কুসল মেন্ডিজের ফিফটিতে ফাইটিং স্কোর পায় সফরকারীরা। ৫৫ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ইনফর্ম এ লঙ্কান ব্যাটার।
পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘তারা দরুণভাবে ব্যাটিং শুরু করেছিল। কিন্তু আমরা শক্তভাবে ফিরে এসেছিলাম। বিশেষ করে শেষ ৪-৫ ওভারে। এজন্য বোলারদের ক্রেডিট দেওয়া উচিত। আমাদের সামনে এগিয়ে যেতে হলে প্রথম ৬ ওভারে ভালো করার পথ খুঁজতে হবে। আমরা তিনটি ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি।

কিন্তু দুটিতে ফল পক্ষে আনতে পারিনি। আজ রিশাদ, তাসকিন ও মেহেদী দারুণ ব্যাটিং করেছে। তাদের ব্যাটিংয়ে আমি খুশি।’ ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে উড়িয়ে দিয়েছেন পেসার নুয়ান থুসারা। শান্ত, তাওহীদ ও মাহমুদুল্লাহকে ফিরিয়ে হ্যাটট্রিক পান ডানহাতি পেসার। পরে সৌম্য ও শরিফুলের উইকেট নেন। সিরিজ নির্ধারণে ম্যাচে তার বোলিংয়ের প্রশংসা করলেন শান্ত, ‘নুয়ান থুশারাকে কৃতিত্ব দিতে হবে।
আমি বলব, অসাধারণ বোলিং করেছে।’ ১৩ মার্চ থেকে চট্টগ্রামে দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। টি২০ সিরিজ হারলেও এখান থেকে আত্মবিশ্বাস নেওয়ার কথা বললেন শান্ত, ‘আমরা এই সিরিজ থেকে অনেক আত্মবিশ্বাস গ্রহণ করতে পারি। যদিও ফরম্যাটটা ভিন্ন। আমরা ভালো কিছুর আশা করতে পারি।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …