Home / পুরাতন পোস্ট / সার্জন ফাংকও মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের পক্ষে

সার্জন ফাংকও মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের পক্ষে

লন্ডনে মুস্তাফিজকে আতিথ্য দেওয়া সেন্ট পিটার্স কলেজ অব লন্ডনের অধ্যক্ষ এজিএম সাব্বির মুস্তাফিজের সঙ্গে অধ্যাপক ফাংকের কাছে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে লন্ডন ফিরে আসার পর সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধ্যাপক ফাংকের অভিমত হচ্ছে মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করাতে হবে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তার এই অভিমত পাঠিয়ে দেবেন।

এর আগে আরেক বিশেষজ্ঞ সার্জন লন্ডন ব্রিজ হাসপাতালের অধ্যাপক টনি কোচারও সাসেক্সের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচারের পক্ষে মত দিয়েছেন।

মুস্তাফিজকে সার্বক্ষণিক সঙ্গ দেয়া সাব্বির জানান, বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করে বিসিবি সিদ্ধান্ত নেবে কাকে দিয়ে মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার করানো হবে। তবে বিসিবি যদি অধ্যাপক ফাংককে দিয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয় তাহলে মুস্তাফিজকে বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। কারন মুস্তাফিজের অস্ত্রোপাচারের জন্য অধ্যাপক ফাংক ২২ অগাস্টের আগে কোন স্লট দিতে পারছেন না।

রাইটিংটন, উইগ্যান অ্যান্ড লি এনএইচএস ফাউন্ডেশনের রাইটিংটন হাসপাতালের অধ্যাপক ফাংক কাঁধ, কনুই ও ঊর্ধ্বাঙ্গের সার্জারিতে বিশেষজ্ঞ। কাঁধে ক্রীড়া বিষয়ক চোটের অর্থোপেডিক সার্জারিতে তিনি পারদর্শী। তিনি ম্যানচেস্টারের উইমস্লো হাসপাতালের দ্য আর্ম ক্লিনিকে প্রাইভেট রোগীদের দেখে থাকেন।

অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়ে মুস্তাফিজের প্রতিক্রিয়া জানতে চাইলে সাব্বির বলেন, “মুস্তাফিজের মনোবল চাঙ্গা রয়েছে। সে ভালোভাবেই জানে যে, অস্ত্রোপচার করানোর পর সে পুরোপুরি ফিট হয়ে আবার মাঠে নামতে পারবে। কিন্তু এরপরও মুস্তাফিজ যখন ভাবে যে অস্ত্রোপচার করানোর পর তিন থেকে ছয় মাস খেলতে পারবে না, তখন সে কিছুটা বিষন্ন হয়ে পড়ে। তবে সার্বিকভাবে মুস্তাফিজ বেশ ভালোই আছে। কোনো বিষয়ে তার কোন অভিযোগ নেই।”

About Mastary Sangbad

Mastary Admin

Leave a Reply

Your email address will not be published.