ঢাকা, মঙ্গলবার ০২ জুন ২০২৬ মাসস
ফাতেমা খানমের খুব আদরের সন্তান ছিলেন তোফায়েল আহমেদ। জীবনের ব্যস্ততা, রাজনীতির উত্তাল দিন, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়—সবকিছুর মাঝেও মা ছিলেন পরম নির্ভরতার স্থল, প্রেরণার উৎস।
দ্বীপ জেলা ভোলার সন্তান তোফায়েল আহমেদ জাতীয় রাজনীতির কেন্দ্রস্থলে পৌঁছেও মাতৃস্নেহের কাঙাল থেকেছেন। জেলগেট থেকে শুরু করে মন্ত্রীপাড়া কোথায় নেই মা।
মমতাময়ী মাকে হারানোর বেদনা আমৃত্যু বহন করেছেন তোফায়েল আহমেদ। ফাতেমা খানমের কবর-ফলকে হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি উৎকীর্ণ করে লিখেছিলেন –
‘মা, বাবা চলে গেছেন অনেক আগে
চিরনিদ্রায় শায়িত আছেন তোমারই পাশে
তুমিও চলে গেলে আমাদের
সকলকে কাঁদিয়ে,
তবুও তোমরা আছো সর্বক্ষণ
আমাদের হৃদয় জুড়ে।
মা, প্রতি মুহূর্ত তোমাদের অভাব
অনুভব করি।
তোমার মনু (তোফায়েল)’
৮২ বছরের জীবন শেষে আবার মায়ের সান্নিধ্যে ফিরলেন জাতির সূর্যসন্তান। এ যেন দ্বিতীয়বার এবং চিরস্থায়ী ফিরে যাওয়া। মুক্তিযুদ্ধে বিজয়ের পর মাথা উঁচিয়ে জন্মভূমিতে ফিরেছিলেন ১৯৭১ সালের ২২ ডিসেম্বর। এর ছয়দিন পর ২৮ ডিসেম্বর ভোলায় গ্রামের বাড়িতে ফেরেন জননীর বুকে।
এবার ৫৪ বছর ৫ মাস ৫ দিন পর ফাতেমা বেগমের কাছে চিরদিনের জন্য ফিরে গেলেন তার আদরের ‘মনু’। অন্তিম ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে চিরশায়িত হলেন বাংলাদেশের জন্ম ইতিহাসের অন্যতম রূপকার তোফায়েল আহমেদ।
জীবন সমাপ্তিতে যেন পূর্ণতা পেল হারিয়ে যাওয়া মায়ের কাছে সন্তানের ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। যে মানুষটি সারাজীবন ভালোবেসেছেন দেশ মাতৃকাকে, ইতিহাসকে বুকে ধারণ করেছেন, তিনি শেষ আশ্রয়ও নিলেন শেকড়ের কাছেই—মায়ের পাশে।
তোফায়েল আহমেদের মরদেহ মঙ্গলবার ভোলায় নেয়ার পর হাজার হাজার মানুষ চোখের পানিতে জানায় শেষ বিদায়। দুপুর আড়াইটায় ভোলা সরকারি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’।
এরপর বেলা সোয়া ৪টার দিকে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে চির শায়িত হন ষাটের দশকের ছাত্ররাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র।
কিছু মানুষ পৃথিবীতে আসেন সময়কে বদলে দিতে। তাঁদের জীবন ক্ষণস্থায়ী হলেও কীর্তি হয়ে ওঠে দীর্ঘস্থায়ী। তোফায়েল আহমেদ ছিলেন তেমনই এক ক্ষণাজন্মা, কীর্তিমান মানুষ। তাঁর প্রস্থান একটি অধ্যায়ের সমাপ্তি, তবে বাংলাদেশের ইতিহাসে তিনি এক অমোচনীয় নাম।
সূত্র : কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম