Home / উৎসব ও সংস্কৃতি / আফজালের ইচ্ছাপূরণে তৌকীরের রচনায় ঈদের টেলিফিল্মে ফেরদৌসী মজুমদার
4 5 24 1

আফজালের ইচ্ছাপূরণে তৌকীরের রচনায় ঈদের টেলিফিল্মে ফেরদৌসী মজুমদার

ঢাকা, সোমবার ০৪ মে ২০২৬ মাসস

প্রতিবছর ঈদের সময় নাটক বা টেলিফিল্ম নিয়ে আসেন নির্মাতা আরিফ খান। সেই নাটক-টেলিফিল্মে থাকে তারকার সমাবেশ। গত বছর তিনি যখন নাটক বানাচ্ছিলেন, তখন অভিনেতা আফজাল হোসেন তাঁর এক ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্মাতাকে বলেছিলেন, ‘আমাকে নিয়ে তো অনেক নাটক করেছ। দেখো ফেরদৌসী মজুমদার ও আমাকে নিয়ে কিছু করা যায় কি না। তাঁর সঙ্গে কাজ করার অনেক ইচ্ছা।’ আফজাল হোসেনের সেই ইচ্ছা পূরণ করলেন নির্মাতা আরিফ খান। কোরবানির ঈদের জন্য তিনি বানাচ্ছেন ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ নামের টেলিফিল্ম। যেখানে জোহরা বেগম চরিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, আর তাঁর বড় ছেলের চরিত্রে আছেন আফজাল হোসেন। অন্যান্য চরিত্রে আরও আছেন মামুনুর রশীদ, তৌকীর আহমেদ, দীপা খন্দকার, রওনক হাসান, নরেশ ভূঁইয়া, জাকিয়া বারী মম প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন তৌকীর আহমেদ। উত্তরা ও গুলশানে চলছে শুটিং। প্রচারিত হবে কোরবানির ঈদে চ্যানেল আইয়ে।

নির্মাতা আরিফ খান জানান, একজন অভিনেত্রীর জীবনের মূল্যবোধ ও বাস্তবতার দ্বন্দ্ব নিয়ে তৈরি হচ্ছে টেলিফিল্ম জোহরা বেগমের ইচ্ছাপত্র। গল্পে দেখা যাবে, খ্যাতিমান অভিনেত্রী জোহরা বেগমের বয়স হয়েছে। এখন আর অভিনয় করেন না। সারা জীবন নিজস্ব মূল্যবোধ নিয়ে থেকেছেন তিনি। তাঁর সেই মূল্যবোধ নিয়ে এই শেষ বয়সে ছেলেমেয়েদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব একসময় চরম আকার ধারণ করে। এতে ফেরদৌসী মজুমদারের ছোট ছেলে আর ছেলের বউয়ের চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ ও জাকিয়া বারী মম, মেয়ে ও তার স্বামীর চরিত্রে দীপা খন্দকার ও রওনক হাসান।

নির্মাতা আরিফ খান বলেন, ‘গত ঈদে কাজ করার সময় আফজাল ভাই বলেছিলেন ফেরদৌসী মজুমদারের সঙ্গে তাঁর কাজ করার অনেক ইচ্ছা। আমাকে তেমন কিছু পরিকল্পনা করার কথা জানালেন। এরপরেই তাঁদের নিয়ে গল্প ভাবছিলাম। কয়েকজন নাট্যকারের সঙ্গে কথা হলেও ব্যাটে-বলে মিলছিল না। এবার সেই ভাবনার কথা তৌকীর আহমেদের সঙ্গে শেয়ার করলে তিনি নাটকটি লেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তাঁর লেখা গল্পটি সবাই পছন্দ করলেন। ফেরদৌসী মজুমদার সম্মতি দিলেন অভিনয় করার। তাঁর কাছে গল্পটা এতটাই ভালো লেগেছে যে শুটিং শুরুর আগেই তিনি অনেকের সঙ্গে শেয়ার করেছেন।’

জোহরা বেগমের ইচ্ছাপত্র দিয়ে দীর্ঘদিন পর টেলিভিশনে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার। বয়সের কারণে শারীরিক দুর্বলতা বাড়লেও তাঁর মনের জোর একটুও কমেনি বলে জানালেন নির্মাতা। আরিফ খান বলেন, ‘অনেক দিন পর ফেরদৌসী মজুমদার পর্দায় অভিনয় করছেন। তিনি নিজেও মনে করতে পারলেন না ঠিক কত দিন আগে নাটক বা টেলিফিল্মে অভিনয় করেছিলেন। তাঁর এই শারীরিক অবস্থার মধ্যে যে তিনি অভিনয় করছেন, সেটা আমাদের বিশাল পাওয়া। তবে ওনার মনের অনেক জোর। তিনি এই টেলিফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। প্রতিদিন নিয়ম করে শুটিংয়ে আসছেন। এখনো নিজের সেরাটা দেওয়ার যে চেষ্টা, সেটা সবার জন্য অনুপ্রেরণাদায়ক।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 6 26 2

নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, স্বপ্ন ভাঙছে গৃহহীনদের

ঢাকা, সোমবার ১৫ জুন ২০২৬ মাসস নদী খননের মাটিতে চাপা পড়েছে খুলনার ডুমুরিয়ার তিনটি আশ্রয়ণ প্রকল্পের …