Home / উন্নয়ন / অর্ধেক জনবলে চলছে এলজিইডির কমলনগর উপজেলা কার্যালয়
4 5 26 444

অর্ধেক জনবলে চলছে এলজিইডির কমলনগর উপজেলা কার্যালয়

ঢাকা, সোমবার ০৪ মে ২০২৬ মাসস

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) জনবলসংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় প্রশাসনিক ও চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ব্যহত হচ্ছে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, কার্যালয়টিতে অনুমোদিত পদের সংখ্যা ২১টি হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১১ জন। এর মধ্যে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদের বদলির আদেশও হয়েছে।

বর্তমানে অর্ধেক জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলার গুরুত্বপূর্ণ অফিসটি। সূত্র জানায়, একজন প্রকৌশলী, একজন সহকারী প্রকৌশলী, চারজন উপসহকারী প্রকৌশলীর জায়গায় রয়েছে মাত্র একজন। একজন করে হিসাবরক্ষক, হিসাব সহকারী, কম্পিউটার অপারেটর ও সার্ভেয়ার পদ থাকলেও কর্মরত নেই একজনও। কার্যসহকারী পাঁচজনের জায়গায় রয়েছে দুইজন।
একজন করে অফিস সহায়ক ও অফিস সহকারী পদে নিয়োগপ্রাপ্ত নেই কেউ। নেই নিরাপত্তাকর্মীও। সব মিলিয়ে এ অফিসে ২১টি পদে কর্মরত মাত্র ১১ জন। 
এদিকে, কার্যালয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, তদারকি ও প্রশাসনিক কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ, ঠিকাদার ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। সীমিত জনবল দিয়ে বিপুল পরিমাণ কাজ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।কার্যালয়ের কর্মচারীরা জানান, একদিকে চলমান উন্নয়ন প্রকল্পের তদারকি, অন্যদিকে নতুন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নসহ সব কাজে ধীরগতি দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও সংস্কারকাজের মান নিয়ন্ত্রণ এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।
অনেক ক্ষেত্রে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকির অভাবে কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এলজিইডি কার্যালয়ে পর্যাপ্ত জনবল না থাকায় উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। এতে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও নেতিবাচক প্রভাব পড়েছে।

মো. আবুল হোসেন ও রায়হান সিদ্দিক নামের দুইজন সেবাপ্রত্যাশী বলেন, ছোটখাটো কাজেও দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ থাকায় অনেক আবেদন ও ফাইল নিষ্পত্তিতে দেরি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের দুইজন কর্মচারী জানান, জনবল সংকটের কারণে অফিসের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। ঠিকাদাররা কাজের বিল নিতে দিনের পর দিন অফিসে ঘুরছেন। গণমাধ্যমকর্মীরাও বিজ্ঞাপন বিলের জন্য বিড়ম্বনার শিকার হচ্ছেন। পর্যাপ্ত জনবল না থাকায় চলমান উন্নয়ন প্রকল্প, কালভার্ট, সড়ক নির্মাণসহ মাঠ পর্যায়ের বিভিন্ন কাজ সঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না।

উপজেলার ঠিকাদার গোফরান হোসেন বলেন, জনবল সংকটের কারণে বিল নিষ্পত্তিতে দেরি হচ্ছে। ফলে কাজ শেষ করতেও দেরি হচ্ছে। এতে সবারই দুর্ভোগ বাড়ছে। সরকারের উন্নয়নের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হচ্ছে।

কমলনগর উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ বলেন, দীর্ঘদিন ধরে জনবলসংকট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। শূন্য পদগুলোতে জনবল নিয়োগ হলে অফিসের কার্যক্রমে গতি ফিরবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

সূত্র : কালের কন্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 4 2026 444

আঙুরে বদলে যাচ্ছে ঠাকুরগাঁও

ঢাকা, বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ মাসস গ্রামের সরু কাচা পথ। দুই পাশে সবুজের সারি। মাথার ওপর বাশের …