মাস্টারি বিডি ডটকম
হবিগঞ্জ । ২৩ আগস্ট ২০১৭ । ০৮ ভাদ্র ১৪২৪
হবিগঞ্জ জেলায় চাঞ্চল্যকর দেওয়ান মহসিন টিপু হত্যা মামলার রায়ে ৮ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
এছাড়া রায়ে অপর ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজ পারভীন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- সুধাংশু সূত্রধর, সুভাষ সূত্রধর, এরশাদ আলী, আব্দুল মালেক ওরফে মালু, আতাউর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশারফ হোসেন।
এরমধ্যে সুধাংশু সূত্রধর, সুভাষ সূত্রধর ও আব্দুল মালেক ওরফে মালু আজ আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- হরমুজ আলী, মোস্তাক আহমেদ, জানু মিয়া, শানু মিয়া, জাবেদ মিয়া, জহির মিয়া, বকুল মিয়া, আমির আলী, দুলাল মিয়া, সায়েদ মিয়া ও কামাল মিয়া।
রায় ঘোষণাকালে সায়েদ মিয়া আদালতে ছিলেন।
মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহ আব্দুল গনি, আবু মিয়া ও আব্দুল মজিদকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০১১ সালের ৭ জানুয়ারি প্রতিপক্ষের লোকজন মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মহসিন মাস্টারের ছেলে দেওয়ান মহসিন টিপুকে তার ঘরে প্রবেশ করে কুপিয়ে হত্যা করে।
টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবী বাদি হয়ে এ ব্যাপারে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৩ সালের ৩ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কামরুজ্জামান ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম