মাস্টারি বিডি ডটকম
কামাল বারি । ঢাকা । ২০ মে ২০১৭ । ০৬ জৈষ্ঠ্য ১৪২৪
১৭ মে বুধবার আগারগাঁঁওস্থ এলজিইডি মিলনায়তনে কবি শেখ নজরুলের তিনটি গ্রন্থ – কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা (সম্পাদনা), গোলাপেও দুর্দিন ফোটে, সোনালি শস্যে রুপোলি সরোবরে এবং তার কথায় গানের তিনটি অডিও এলবাম – পতাকা আমার মায়ের আঁচল, চিকচিকে রোদ্দুর ও ফুলের গন্ধে নাইয়ো-এর প্রকাশনা অনুষ্ঠান হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর । কবি কাজী রোজী এমপি, এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ, কবি ও অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা কবি বুলবুল মহলানবীশ, চিত্রনায়িকা অঞ্জনা ও অধ্যাপক ড. সানোয়ার হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আসাদুজ্জামান নূর তার বক্তব্যে বলেন, কবি শেখ নজরুল কবিতার পাশাপাশি গান লেখার মধ্যদিয়ে গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করলেন। তার কবিতায় যেমন স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা, প্রেম ও প্রকৃতির কথা উঠে এসেছে তেমনি গানেও সেই ধারা লক্ষণীয়। তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় তার এই কাব্যচর্চা অব্যাহত রাখবেন- এই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সংস্কৃতিমন্ত্রী বই কিনে পড়ার জন্য সবাইকে অনুরোধ করে বলেন, বই না কিনলে কবি-সাহিত্যিকদের অর্থনৈতিক উন্নতি হবে না। কাজেই সৃজনশীলদের যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে তাদের সৃষ্টির যথার্থ মূল্যায়ন করতে হবে।
দেশের সমকালীন রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, সাহিত্য-সংস্কৃতির চর্চার মধ্যদিয়ে আমাদের সমাজের দুষ্টক্ষত দূর করতে হবে।
কণ্ঠযোদ্ধা বুলবুল মহলানবীশ শেখ নজরুলের গান ও কবিতা নিয়ে সমৃদ্ধ আলোচনা করেন। তিনি বলেন, তার কলম থেকে আরো আরো বৈচিত্র্যের গান চাই।
ড. মুহাম্মদ সামাদ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ওপর শেখ নজরুল কবিতা ও গান রচনা করেছেন। তিনি লিখে যাচ্ছেন আরো নানা বিষয় নিয়ে। তিনি তার সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন।
চিত্রনায়িকা অঞ্জনা শেখ নজরুলের ভেতর জাতীয় কবি কাজী নজরুলের অবয়ব খুঁজে পান। তিনি তার লেখালেখির চেয়ে বরং ঝাকড়া চুলের ওপর বেশি আলোকপাত করেন।

কবি নির্মলেন্দু গুণ বলেন, বঙ্গবন্ধুর ওপর কবিতা ও গান রচনা করার জন্যে শেখ নজরুলকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বাংলা কবিতা ও বিশ্বের কাব্য সাহিত্য নিয়ে আলোকপাত করেন। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও বঙ্গবন্ধুর ওপর দীর্ঘ আলোচনা করেন দেশের এ প্রধান কবি। তিনি শেখ নজরুলের ‘গোলাপেও দুর্দিন ফোটে’ কাব্য থেকে অংশবিশেষ পাঠ করেন।
এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেন, আমি সাহিত্যের মানুষ নই তবু এই কবি-সাহিত্যিকদের মধ্যে এসে নিজেকে ধন্য মনে করছি। কবি শেখ নজরুল আমার সহকর্মী। কাজের ব্যস্ততার ভেতরেও তিনি যে কাব্যচর্চা করে যাচ্ছেন- আমি তাকে সাধুবাদ জানাই।
তিনি ৪১টি মৌলিক গ্রন্থ রচনা করেছেন, দুই বাংলার মুক্তিযুদ্ধের গল্প সংকলন ও বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতার সংকলন সম্পাদনা করেছেন। এখন গান রচনা করছেন- যা এদেশের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে।
কবি কাজী রোজী বলেন, শেখ নজরুল আমার প্রিয়ভাজন কবি। তিনি আমার পড়শী কবিও বটে- তার বাড়িও সাতক্ষিরায় । তার কবিতার বই দেখে মনে হয় তিনি প্রতিদিনই কবিতা লিখেন। যেটি একটি ভালো দিক হিসেবে এই ধারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে কবি নাসির আহমেদ বলেন, গানের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। শেখ নজরুলের গানেই সেই ধারাই লক্ষণীয়। তিনি কবিতার লিরিক এবং গানের লিরিকের বৈশিষ্ট্যের মাঝামাঝি গীত রচনায় সচেষ্ট হয়েছেন। একসময় যেভাবে ব্যাকরণ মেনে গান রচনা করা হতো- এখন সেভাবে হয় না। অনেক নতুনত্ব এসেছে এ ক্ষেত্রে। অনেক সেরা সেরা গান রচিত হচ্ছে নতুন ধারায়। এবং তা শ্রোতানন্দিতও হচ্ছে। শেখ নজরুলের কবিতা এবং গানের মাঝামাঝি ধরনে লেখা এ গানগুলোও সুরে সুরে সেই দ্যোতনা সৃষ্টি করবে বলে তিনি মত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতেই ছিলো কবি শেখ নজরুলের কাব্য থেকে প্রযোজিত পাঠ ‘আমি এই বৃক্ষের সন্তান’।

বসন্তে আইয়ো রে বন্ধু… শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী তৌফিক বাবু ও হিমা রায় মিতু । শেষে উল্লিখিত তিনটি অডিও এলবামের শিল্পী বিন্দিয়া খান, পলাশ লোহ, মুনিয়া মুন, লিসা, জিকো, মলয় গান পরিবেশন করেন।

পারিজাত প্রকাশনীর আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম