Home / আরও / তামিমের দুর্দান্ত সেঞ্চুরি : প্রথম জয়ের স্বাদ মোহামেডানের
Tamim+Iqbal+mohamedan+mbd

তামিমের দুর্দান্ত সেঞ্চুরি : প্রথম জয়ের স্বাদ মোহামেডানের

মাস্টারি বিডি ডটকম
স্পোর্টস । ১৯ এপ্রিল ২০১৭ । ০৬ বৈশাখ ১৪২৪

ড্যাশিং ওপেনার তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) প্রথম জয়ের স্বাদ পেলো মোহামেডান স্পোটিং ক্লাব। মঙ্গলবার কলাবাগান ক্রীড়া চক্রকে ২৪ রানে হারিয়েছে মোহামেডান।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তামিম, তা তিনি ২২ গজেই বুঝিয়ে দেন পরবর্তীতে।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির স্বাদ পান তামিম। নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। দলের দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েই ১৮টি চার ও ৭টি ছক্কায় ১২৫ বলে ১৫৭ রান করেন তামিম। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে এটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

ম্যাচের সেরা তামিমের এমন ইনিংসের সুবাদে কলাবাগানের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৭ রান করে মোহামেডান। তামিম ছাড়াও দলের পক্ষে ওপেনার শামসুর রহমান ৩৮ ও কামরুল ইসলাম রাব্বি ২২ রান করেন। কলাবাগানের সঞ্জীত সাহা ৫২ রানে ৪ উইকেট নেন।

জবাবে খেলতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারালেও, মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং দৃঢ়তায় সামনের দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো কলাবাগান। বাউন্ডারির পর বাউন্ডারিতে পাল্লা দিয়েই রান তুলছিলেন অ্যাশ। তবে ব্যক্তিগত ৪৬ রানেই থেমে যেতে হয় তাকে। ৮টি চারে ৪৯ বলে ৪৬ রান করেন আশরাফুল।

আশরাফুলের বিদায়ের পর জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও তুষার ইমরানের ব্যাটে চড়ে লক্ষ্যের দিকে এগোচ্ছিলো কলাবাগান। কিন্তু দু’জনে হাফ-সেঞ্চুরি তুলে ৬০-রানের ঘরে থামলে, কলাবাগান আশা শেষ হয়ে যায়। কারণ পরের দিকের কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি।

মাসাকাদজা ৬৮ ও তুষার ৬৪ রান করেন। মোহামেডানের রাব্বি ৩টি ও মিরাজ ২টি উইকেট নেন। আগের ম্যাচে গাজী গ্রুপের কাছে ৭ উইকেটে হেরেছিলো মোহামেডান। আর প্রাইম ব্যাংকের কাছে ৫ উইকেটে হেরেছিলো কলাবাগান।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2626 2222

বয়কটের হুমকি দিয়ে বিশ্বকাপের দল দিলো পাকিস্তান!

ঢাকা, সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ মাসস বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে আসর বয়কটের হুশিয়ারী দেয়ার একদিন পার …

Leave a Reply

Your email address will not be published.