Home / আন্তর্জাতিক / ছেলেদের বিশ্বকাপে প্রথম নারী রেফারি হয়ে ইতিহাস গড়লেন পেন্সো
19 6 26 22

ছেলেদের বিশ্বকাপে প্রথম নারী রেফারি হয়ে ইতিহাস গড়লেন পেন্সো

ঢাকা, শুক্রবার ১৯ জুন ২০২৬ মাসস

পুরুষ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করলেন আমেরিকার টোরি পেন্সো। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে মাঠ পরিচালনার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন তিনি।

পুরুষ ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে এর আগে কোনো নারী রেফারিকে প্রধান রেফারির ভূমিকায় দেখা যায়নি। তবে সবুজ মাঠে এই ইতিহাস গড়ার আগে টোরি পেন্সো করপোরেট জগতেও ছিলেন সমান সফল।
টোরি পেন্সোর শিক্ষাজীবন ও করপোরেট ক্যারিয়ারের গ্রাফ বেশ ঈর্ষণীয়। তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ‘বিজ্ঞাপন’ এবং ‘আন্তর্জাতিক সম্পর্ক’ এই দুটি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে ওহাইওর কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে ‘মার্কেটিং ডিজাইন’-এর ওপর স্নাতকোত্তর (পোস্ট-গ্রাজুয়েশন) সম্পন্ন করেন। বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থা ‘ওগিলভি’-তে ইন্টার্নশিপের মাধ্যমে তার পেশাদার জীবন শুরু হয়।

এরপর তিনি বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘কোকা-কোলা’-র অ্যাক্টিভেশন ম্যানেজার হিসেবে কাজ করেন। সেখান থেকে যোগ দেন এনার্জি ড্রিংক জায়ান্ট ‘রেড বুল’-এ। রেড বুলে মার্কেটিং স্পেশালিস্ট ও স্যাম্পলিং ম্যানেজারের দায়িত্ব সফলভাবে পালন করে ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠানটির ‘মার্কেটিং ডিরেক্টর’ পদে উন্নীত হন। তবে ২০১৭ সালে করপোরেট জগতের এই শীর্ষ পদ ছেড়ে দিয়ে তিনি সম্পূর্ণভাবে রেফারিংকে পেশা হিসেবে বেছে নেন।

রেফারিং ক্যারিয়ারেও একের পর এক রেকর্ড ভেঙেছেন পেন্সো। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেনস সকার লিগ দিয়ে ক্যারিয়ার শুরু করে ২০২০ সালে তিনি প্রথম নারী রেফারি হিসেবে আমেরিকার ছেলেদের প্রধান লিগ ‘মেজর লিগ সকার’-এর ম্যাচ পরিচালনা করেন।

২০২৩ সালে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথম আমেরিকান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েন তিনি। এর দুই বছর পর, ফিফা ক্লাব বিশ্বকাপে (সুপার ম্যান্ডিয়াল ডি ক্লাবস) একমাত্র নারী রেফারি হিসেবে পেন্সো আল আইনের বিপক্ষে জুভেন্টাসের ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচটি সফলভাবে পরিচালনা করেন।

২০২৬ পুরুষ ফুটবল বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য যখন ফিফা তার নাম ঘোষণা করে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন পেন্সো। তিনি লিখেছিলেন, ‘আপনি যখন নিজের লক্ষ্যকে আরও উঁচুতে নিয়ে যান, তখন নিজেকেই নিজের সেরা সংস্করণ তৈরি করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। অন্য কেউ আপনার ওপর সীমাবদ্ধতার যে দেওয়াল টেনে দেয়, তা আপনি মেনে নেন না এবং একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে যান। আপনি যখন নিজে ওপরে উঠবেন, তখন চারপাশের মানুষদেরও ওপরে উঠতে অনুপ্রাণিত করবেন। জোয়ারের পানি যেভাবে সব নৌকাকে একসাথে ভাসিয়ে তোলে, বিষয়টি ঠিক তেমনই।’

ব্যক্তিগত জীবনে টোরি পেন্সো বিবাহিত। তার স্বামী ক্রিস পেন্সো নিজেও একজন পেশাদার ফুটবল রেফারি। এই রেফারি দম্পতির ঘরে তিন কন্যাসন্তান রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

825351117_122119517151305580_807997091513313043_n

এলজিইডি এতো উন্নত ও দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করছে, তবু অভিযোগ কেনো পিছু ছাড়ে না!!

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস রূপগঞ্জে বেলদি বাজার-পালখান বাজার সড়কের রক্ষণাবেক্ষণ …