মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৯ মার্চ ২০১৮ । ২৫ ফাল্গুন ১৪২৪
ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে বলেন, ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আজ শুক্রবার সকালে তার শপথগ্রহণের আগে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন।
তিনি বলেন, ফোনালাপে বিপ্লব দেব ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।
এ সময় ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিপুরার উন্নয়নে ত্রিপুরা-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

শেখ হাসিনা ত্রিপুরা সরকার ও জনগণকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরার সরকার ও জনগণের সহযোগিতা ও সাহায্যের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
৪৮ বছর বয়সী বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এবং তার দল বিজিপি এ রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বড় ধরনের বিজয় লাভ করে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম