শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ । মাসস
জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে একটি আবেগঘন পোস্ট প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া সেই পোস্টে মেয়ের কাছ থেকে বিচ্ছেদের বেদনা, একজন মায়ের অসহায় অনুভূতি এবং সন্তানের ভবিষ্যতের জন্য শুভকামনার কথা তুলে ধরেছেন তিনি। পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টে সালমা লিখেছেন, “আমার স্নেহা, আমার মেয়েটা আজকে আমার কাছ থেকে চলে গেল। হয়তো আমাদের আর দেখা হবে না। আমি তো মা, আমার সন্তান দূরে থাক আর যেখানে যাক, দোয়া করি ভালো থাকিস মা।”
মেয়ের বাবার প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, “বাবার কাছে ছিলি এতদিন, রক্তের সম্পর্ক সবার আগে—আবারও তাই প্রমাণ হলো। বাবার কাছে ভালো থাকিস মা। সন্তান বাবার, মা শুধু নামে। আমার কাছে সাফিয়া থাকলো।”
পোস্টের শেষাংশে নিজের দীর্ঘ সংগ্রামের কথাও তুলে ধরেন এই কণ্ঠশিল্পী। তিনি লেখেন, “আমি জন্ম থেকে যুদ্ধ করতে করতে এই অব্দি এসেছি। আমি একজন শিল্পী, এই আমার পরিচয়। বাকি জীবনটা একজন শিল্পী হিসেবে পার করে দিতে চাই।”
সালমার এই আবেগঘন বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যে তাঁর মানসিক শক্তি কামনা করেছেন এবং মা-মেয়ের সম্পর্ক যেন অটুট থাকে, সেই প্রার্থনা জানিয়েছেন। কেউ কেউ পোস্টটি পড়ে আবেগাপ্লুত হওয়ার কথাও জানিয়েছেন।
তবে মেয়েকে নিয়ে এমন আবেগপূর্ণ বার্তা দেওয়ার কারণ বা এর পেছনের পরিস্থিতি সম্পর্কে সালমা বিস্তারিত কিছু জানাননি। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। যদিও শিল্পীর পোস্টে স্পষ্টভাবে ফুটে উঠেছে একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং সন্তানের সুখ-শান্তির জন্য তাঁর আন্তরিক প্রার্থনা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম