Home / জাতীয় / গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
11 5 26 411

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

ঢাকা, সোমবার ১১ মে ২০২৬ মাসস

কিশোরগঞ্জের তাড়াইলে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঋত্বিক সাহা ভাওয়াল সাহাবাড়ী গ্রামের তপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শ্বাসনালীতে কোনো কিছু আটকে গেলে দ্রুত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। একটি ফুটফুটে শিশুর এভাবে অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। সামান্য অসাবধানতায় একটি তাজা প্রাণ ঝরে গেল, যা পুরো ইউনিয়নবাসীর জন্য গভীর শোকের।

তিনি আরও বলেন, সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এখন লিচুর মৌসুম চলছে। ছোট শিশুদের ফল খাওয়ানোর সময় অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।

ঋত্বিকের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও বিরাজ করছে গভীর বিষাদ। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝেও শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

LGED 1

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ঢাকা, মঙ্গলবার ০৫ মে ২০২৬ মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার সড়কসমূহ দ্রুত মেরামত করে যান …