ঢাকা, বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬ মাসস
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলন চলাকালে ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
আবু সাঈদের হত্যার ঘটনাকে জুলাই অভ্যুত্থানের অন্যতম ‘টার্নিং পয়েন্ট’ মনে করা হয়।
বৃহস্পতিবার দেয়া রায়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধবকর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার মনিরুজ্জামানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় পড়া শুরু করে করে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন – বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম