Home / জাতীয় / বাস আছে চালক নেই
26 25 1

বাস আছে চালক নেই

ঢাকা, বুধবার ২৬ নভেম্বর ২০২৫ মাসস

বান্দরবানের রুমা সাঙ্গু সরকারি কলেজের অত্যাধুনিক সুপরিসর বাসটি কয়েক বছর ধরে অচল অবস্থায় কলেজ প্রাঙ্গণে পড়ে আছে। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ২০২০-২১ অর্থবছরে সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় বাসটি কলেজে দেওয়া হলেও তা ব্যবহারই করা যাচ্ছে না।

স্থানীয়রা জানান, রুমার আঁকাবাঁকা ও সরু পাহাড়ি রাস্তায় বৃহৎ আকৃতির বাসটি চলাচলের উপযোগী নয়—এ বিষয়টি বাস দেওয়ার আগে বিবেচনায় নেওয়া হয়নি। ফলে দুর্গম পথ হেঁটে বা নিজ উদ্যোগে চড়া ভাড়ায় স্থানীয় পরিবহনে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা নিয়মিত কলেজে যেতে না পারায় অনেকেই পড়াশোনা ছেড়ে দিচ্ছেন। প্রভাব পড়ছে কলেজের গড় পাসের হারেও।

কলেজে থাকা বাসটি অযত্নে পড়ে থাকলেও নেই নিয়োগপ্রাপ্ত ড্রাইভার। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা বলেন, এখানকার রাস্তা ছোট ও আঁকাবাঁকা, বাসটি ঘুরতেই পারে না। তাছাড়া ড্রাইভারের জন্য কোনো বরাদ্দ নেই। ড্রাইভার নিয়োগ দিতে হলে অতিরিক্ত বরাদ্দ বা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলতে হবে, যা বাস্তবসম্মত নয়।

তিনি আরও জানান, যাতায়াত সংকটের কারণে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এখন বড় সমস্যা। এতে পরীক্ষায় অংশগ্রহণ কমে যাচ্ছে, ফলাফলও খারাপ হচ্ছে। শিক্ষক সংকট, অধ্যক্ষের পদ শূন্য থাকা—এসব যোগ হয়ে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে আশানুরূপ অগ্রগতি করতে পারছে না।

শিক্ষার্থীরা বলছে, অচল বড় বাসটির বদলে ছোট আকারের কয়েকটি যান ও ড্রাইভার দেওয়া হলে দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে। কলেজ কর্তৃপক্ষও এরই মধ্যে ছোট গাড়ি ও ড্রাইভার চেয়ে দু’বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা বলেন, যাতায়াত সংকট ও শিক্ষক সংকট দূর হলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতিও বাড়বে। নিয়মিত মূল্যায়ন, মাসিক পরীক্ষা ও অভিভাবক সভা করা সম্ভব হবে। এতে ফলাফলেও উন্নতি আসবে।

আরটিভি

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 9 2026 12

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ । মাসস জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর …