মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম।
২০শে জানুয়ারি ২০২৪ | ৬ই মাঘ ১৪৩০
২১ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসরটি উদ্বোধন করবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য কুড়ি দিন পিছিয়ে শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কাজ। মেলার স্টল ও প্রবেশমূল্য এবার বাড়ানো হয়েছে বলে জানান আয়োজকরা।
গত দুই আসরের মত এবারও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলার আয়োজন করা হয়েছে।
দেশি-বিদেশি পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই মেলা যৌথভাবে আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।

এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে।
পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার হিসেবেও প্রতিষ্ঠা পায় এই মেলা।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্যমেলার এ আসরের পরিচালক বিবেক সরকার বলেন, “এ বছর মেলার পরিধি বাড়ানো হয়েছে। এবার দেশি-বিদেশি ৩৫০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি-প্যাভিলিয়ন থাকবে। যা গতবছর ছিল ৩৩১টি।”
এবার সাধারণ দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশমূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সিদের জন্য ২৫ টাকা র্নিধারণ করা হয়েছে।

মেলাটির প্রধান ফটক তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) আদলে।
বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার কিছু স্টল থাকবে ইনডোরে কিছু থাকবে আউটডোরে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব বিবেক সরকার বলেন, “সড়কের নির্মাণকাজ চলমান থাকায় যানজটের বিষয়টি মাথায় রেখে আমরা বিকল্প সড়কগুলো নিয়মিত সচল রাখার নির্দেশনা দিয়েছি।”
তিনি জানান-“প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য রাজধানীর ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে সরাসরি মেলা প্রাঙ্গণে আসার জন্য আলাদা বিআরটিসি বাসের ব্যবস্থা রয়েছে। মেলায় আসতে ফার্মগেট থেকে ৭০ টাকা ও কুড়িল থেকে ৩৫ টাকা মূল্যের টিকিট কাটতে হবে দর্শনার্থীদের।
“দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য পুরো মেলা প্রাঙ্গণে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।”
এ বছর দর্শনার্থী ও লেনদেন দুটোই বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম