বুধবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস
কর্মসূচির মাত্র তিন দিন আগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (একাংশ) কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সমাবেশ আয়োজনের অনুমতি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী শুক্রবার সেখানে সমাবেশ করার কথা ছিল সংগঠনটির।
মঙ্গলবার উদীচীর কাছে পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘অনিবার্য কারণবশত’ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে চিঠিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উদীচীর পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান: দ্বিতীয় বর্ষপূর্তি’ শীর্ষক সাংস্কৃতিক সমাবেশ আয়োজনের জন্য গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে আবেদন করা হয়। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের চত্বর ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন পাওয়ার পর সংগঠনটি কর্মসূচির প্রচার শুরু করে। পোস্টার ও প্রচারপত্র প্রকাশের পর ২৮ জুলাই অনুমতি বাতিলের চিঠি পায় তারা।
ঢাবি প্রক্টর ইসরাফিল রতনের সই করা চিঠিতে বলা হয়েছে, ৩১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচীর নির্ধারিত অনুষ্ঠানটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো স্থানে কর্মসূচি করতে চাইলে জায়গা খালি থাকা সাপেক্ষে পরে অনুমতি দেওয়া যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
তবে প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখছেন না উদীচীর (একাংশ) নেতারা। সংগঠনটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের অভিযোগ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির চাপের মুখেই শহীদ মিনারে অনুষ্ঠান আয়োজনের অনুমতি বাতিল করা হয়েছে।
জামসেদ আনোয়ার তপনের দাবি, মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির দলের ছাত্রসংগঠনের কয়েকজন নেতা উদীচীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, একই দিনে গণসংহতি আন্দোলনও শহীদ মিনারে কর্মসূচি আয়োজন করতে চায়।
তিনি বলেন, উদীচীর পক্ষ থেকে তাঁদের জানানো হয়, শহীদ মিনারে অনুষ্ঠান আয়োজনের অনুমতি আগেই নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কর্মসূচির প্রচারও শুরু হয়েছে। বিকল্প হিসেবে অন্য কোনো স্থান, বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়।
জামসেদ আনোয়ার তপনের ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি তাঁদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। এর কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অনুমতি বাতিলের চিঠি আসে।
ঘটনাটিকে মুক্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন জামসেদ আনোয়ার তপন। তাঁর ভাষ্য, অনুমতি দেওয়ার পর কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তা প্রত্যাহার করা সাংস্কৃতিক সংগঠনের প্রতি বৈষম্যমূলক আচরণ। এতে গণতান্ত্রিক অধিকার ও মুক্ত সাংস্কৃতিক চর্চা ক্ষতিগ্রস্ত হবে। তিনি অবিলম্বে কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচীর কর্মসূচির অনুমতি পুনর্বহালের দাবি জানান এবং এ সিদ্ধান্তের প্রতিবাদ করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম