Home / প্রধানমন্ত্রী / ভুটানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
PM+Hasina+Bhutan-BHUTANESE+FORUMS+mbd-in-3

ভুটানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ এপ্রিল ২০১৭ । ০৫ বৈশাখ ১৪২৪

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) মঙ্গলবার বেলা ১১ টা ৩৫ মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে শেখ হাসিনা পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তাকে স্বাগত জানান। এ সময় ভুটান সরকারের ঊর্ধ্বতনরাও সেখানে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন থিম্পুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যিষ্ণু রায় চৌধুরী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান করা হয়। দুটি শিশু এ সময় শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দেয়। তাঁকে উপহার দেওয়া হয় ভুটানের ঐতিহ্যবাহী উত্তরীয়।

এরপর মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে থিম্পুর লো মেরিডিয়ান হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরের পুরোটা সময় তিনি এ হোটেলেই থাকবেন।

PM+Hasina+Bhutan-BHUTANESE+FORUMS+mbd

বিকালে প্রধানমন্ত্রীকে ভুটানে রাজকীয় প্রাসাদে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে। সেখানে ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ও রানি জেটসান পেমার সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা।

এরপর দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা, ভুটানের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এছাড়া হেজো-তে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিস্থাপনও করবেন তিনি। সেখানে জমিটি ভুটান সরকার বাংলাদেশকে দিয়েছে।

এর আগে বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এই সফরে ভুটানের রাজধানী থিম্পুর রয়্যাল ব্যাঙ্কোয়েট হলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।

PM+Hasina+Bhutan-BHUTANESE+FORUMS+mbd-in

প্রধানমন্ত্রীর ভুটান সফরকালে বাংলাদেশের সঙ্গে ছয়টি চুক্তি স্বাক্ষর হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী থিম্পু পৌঁছানোর পরই সে দেশের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে ছয়টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।

চুক্তিগুলো হলো—দ্বৈত কর পরিহার, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার, যোগাযোগ ও বাণিজ্য, পণ্য ও কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক সহযোগিতা এবং থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও গভীর করবে।

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এজন্য দেশটিতে ১০০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহও দেখানো হয়েছে ঢাকার পক্ষ থেকে। এ বিষয়ে আলোচনা এগিয়ে চলেছে বলে জানিয়েছেন মাহমুদ আলী।

সফরে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে স্বাক্ষরিত মোটরযান চুক্তি বাস্তবায়ন নিয়েও আলোচনার কথা রয়েছে।

PM+Hasina+Bhutan-BHUTANESE+FORUMS+mbd-in-2

দ্বিপক্ষীয় বৈঠকের পর শেখ হাসিনা তার সম্মানে দেওয়া রাজকীয় আপ্যায়ন হলে ভুটানের রাজার দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

বুধবার সকালে শেখ হাসিনা রাজকীয় আপ্যায়ন হলে সম্মানিত অতিথি হিসেবে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকালে শেখ হাসিনা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে অটিজম ও অন্যান্য নিউরোডেভেলপমেন্ট সমস্যার যথাযথ সমাধানে সক্ষমতা অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন।

ভুটান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হযেছেন তাঁর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ; যিনি বাংলাদেশের জাতীয় অটিজম বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। অটিজম নিয়ে কাজের জন্য তাকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে সূচনা ফাউন্ডেশন (সাবেক গ্লোবাল অটিজম), অ্যাবিলিটি ভুটান সোসাইটি (এবিএস) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া কার্যালয়।

সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘এএসডি ও অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল সমস্যায় ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য কার্যকর ও টেকসই বহুমুখী কর্মসূচি’।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

বুধবারই চ্যান্সেরি ভবনের ভিত্তিস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 5 26 2222

ডিসিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published.