Home / জাতীয় / বীর মুক্তিযোদ্ধা চুল্লুর দাফন আজ
chhullu+fredom+fighter+dies+mbd-2

বীর মুক্তিযোদ্ধা চুল্লুর দাফন আজ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৭ । ০৩ কার্তিক ১৪২৪

মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তীতুল্য ক্র্যাক প্লাটুনের সদস্য আবুল মাসুদ সাদেক চুল্লুকে আজ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

জাতির বীর সন্তান মাসুদ সাদেকের মরদেহ এখন ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলে আজ বুধবার বিকালে বনানী ওল্ড ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

সোমবার বিকেল ৫ টায় বনানীতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

একাত্তরের গেরিলা যোদ্ধা চুল্লু মুক্তিযুদ্ধে ঢাকায় তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বোমা হামলায় অংশগ্রহণ করেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ছোট ভাই এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের দেবর। তিনি সহধর্মিনী ইয়াসমিন সাদেক, একমাত্র মেয়ে সানজানা সাদেকসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

এদিকে মুক্তিযুদ্ধের গেরিলা ক্র্যাক প্লাটুনের সদস্য আবুল মাসুদ সাদেক চুল্লুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মাসুদ সাদেকের সাহসী ভূমিকার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেছেন, জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারাল।

প্রধানমন্ত্রী এই বীর মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

একাত্তরে ঢাকায় যে তরুণদের গেরিলা হামলা পাকিস্তানি বাহিনীকে অস্বস্তিতে ফেলেছিল, সেই ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন মাসুদ সাদেক। তৎকালীন হোটেল ইন্টার কন্টিনেন্টালে তাদের বোমা হামলার ঘটনাটি ছিল আলোচিত।

ক্র্যাক প্লাটুনের সদস্য শাফি ইমাম রুমী, বদিউল আলম বদি, আবদুল হালিম চৌধুরী জুয়েলের সঙ্গে চুল্লুও যুদ্ধের এক পর্যায়ে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। তিনি বেঁচে ফিরতে পারলেও অন্যরা শহীদ হন।

মাসুদ সাদেকের মৃত্যুর খবরে শোকাহত সহযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকে লিখেছেন, ‘নিদারুণ অত্যাচারে ক্ষতবিক্ষত হয়েছিলে তুমি। ১৬ ডিসেম্বর তুমি মুক্ত হয়ে জানান দিলে কী এক অসহনীয় নির্যাতনের মুখোমুখি আলতাফ মাহমুদ, রুমি, বদি, জুয়েলসহ অগুনতি শহীদ মুক্তিযোদ্ধাদের শির নত না করার কথা, নতজানু না হওয়ার বীর গাথা।’

মাসুদ সাদেকের আরেক সহযোদ্ধা শহীদুল্লাহ খান বাদল বলেন, মরদেহ এখন ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। আজ বুধবার তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলে বিকেলে বনানী ওল্ড ডিওএইচএস মসজিদে জানাজা হবে।

বনানী কবরস্থানে মায়ের কবরে মাসুদ সাদিককে দাফনের ‘প্রাথমিক সিদ্ধান্ত’ হয়েছে বলে বাদল জানান। তিনি বলেন, মেয়ে দেশে ফেরার পরই সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হবে। মাসুদ সাদেকের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গভীর শোক প্রকাশ করেছেন।

সানজানা সাদেক বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.