মাস্টারি বিডি ডটকম
শিমুল মাহবুব । ঢাকা । ৩০ এপ্রিল ২০১৭ । ১৭ বৈশাখ ১৪২৪
কথা বলছি ‘গানালাপ’ নিয়ে । যদিও আলাপ নেই, কথা আছে- সুর আছে। নতুন কথায় নতুন সুর। কবিতার সুর, গীতিকাব্যের সুর; কখনো কখনো গানের নিয়মে বাঁধা কথার সুর- যাই বলি না কেন বাংলা আধুনিক গানের প্রচলিত ধারার একটু বাইরে সম্প্রতি প্রকাশিত হলো কবি শেখ নজরুল-এর কথা এবং শোয়েব শিবলীর সুরে ‘চিকচিকে রোদ্দুর’, ‘ফুলের গন্ধে নাইয়ো’ এবং ‘পতাকা আমার মায়ের আঁচল’ শীর্ষক তিনটি এলবামের মোড়কবন্দি সঙ্গীতসম্ভার ‘গানালাপ’। বলা যায়, ‘গানালাপ’ আধুনিক বাংলা গানের নীড়ে ৩০টি সোনালি পালক।

৩০টি মৌলিক গান নিয়ে এলবাম প্রকাশ বাংলা আধুনিক গানে নতুন এক মাত্রা যোগ করবে বলে শ্রোতা সাধারণ মনে করেন।
শেখ নজরুল মূলত কবি। কবি যখন গানের কথা সাজান তখন তার বাণীতে ভিন্নরকম আবহ সৃষ্টি হওয়াই স্বাভাবিক। আলোচ্য ৩০টি গানের প্রতিটি স্তবকে স্তবকে সেই আবহই প্রতিধ্বনিত হয়েছে। সরল কথা, মনকাড়া সুর, পরিশীলিত গায়কির ঢঙে শ্রোতারা মোহাচ্ছন্ন হবেন এটিই স্বাভাবিক।

‘গানালাপ’-এ অন্তর্ভুক্ত বাণীসমৃদ্ধ গানগুলোর মধ্যে কয়েকটি কবিতার গানও রয়েছে। দেশাত্মবোধক, আধুনিক ও ঐতিহ্যনির্ভর গানগুলো এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এসময়ের তারুণ্যদীপ্ত ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের কণ্ঠে সমৃদ্ধ হয়েছে ‘গানালাপ’-এর গীতিময়তা । ‘গানালাপ’-এ সূচিবদ্ধ শিল্পীদের মধ্যে যেমন সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় মুখ নিশিতা বড়ুয়া, রাজীব আছেন। তেমনি আছেন নতুন সেনসেশন- বিন্দিয়া খান, পলাশ লোহ, মুনিয়া মুন, অভি আকাশ-এর মতো শিল্পীরা। পাশাপাশি জিকো, লিসা, মলয়, জালাল, আতা পাশা- সবাই অত্যন্ত সাবলিল সুরে গান পরিবেশন করেছেন ।

‘পতাকা আমার মায়ের আঁচল’ শীর্ষক এলবামে ‘যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো’ শিরোনামের রাজীবের গাওয়া গানটি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অন্যান্য অনেক গানের চেয়ে অসাধারণ সৃষ্টি হিসেবে বিবেচিত হতে পারে। এই এলবামে পতাকাকে উপজীব্য করে লেখা আরো একটি গান ‘পতাকা আমার মায়ের আঁচল’- যা আমাদের উড্ডীন স্বাধীন পতাকার অসাধারণ পৎ পৎ সুরে অসাধারনত্বের আবহে সিক্ত করেছেন পলাশ লোহ।
নাগরিক জীবনের শঙ্কট থেকে মুক্তির আলো ঝরে পড়া গান ‘ঘুম না আসুক আজ রাতে’ অসাধারণ গেয়েছেন নিশিতা বড়ুয়া। একই এলবামের বিন্দিয়া খানের গাওয়া ‘দুকথা কহিতে মন চায়’ গানটি ধ্রুপদ ধারার শ্রোতাদের মুগ্ধতা এনে দেবে। জীবনের গন্তব্য বোধহয় কখনই পরিপূর্ণ হয় না- এমন উপলব্ধির ব্যাপ্তি ঘটেছে ‘জীবনের অর্ধেক খুঁজে পাই’ শিরোনামে পলাশ লোহ’র কণ্ঠ মাধুর্যে।

পরিপূর্ণ জীবন ভাবনা শেষ পর্যন্ত অপূর্ণতারই কথা বলে। ‘জীবনের অর্ধেক খুঁজে পাই’ গানে সেই সুর ধ্বনিত হয়েছে পলাশ লোহ’র কণ্ঠে। মা ও বাবাকে নিয়ে অসম্ভব সুন্দর গান দুটির আবেগ ধ্বনিত হয়েছে অভি আকাশের কণ্ঠে। আত্মজিজ্ঞাসার অন্তনিহিত সুর ধ্বনিত হয়েছে ‘মনে আমার লালন গুরু’ গানে। গানটি মুনিয়া মুনের কণ্ঠে গানটি শুনতে শুনতে আমাদের কোথায় যেন হারিয়ে যেতে হয়। ফুলের গন্ধে নাইয়ো- উৎসব মেজাজের গান এটি। ঋতুরাজ বসন্ত বরণেও গানটি মোক্ষম হতে পারে। তারুণ্যের উচ্ছ্বাসে বহু বর্ণিল গানটি সবাইকে উজ্জীবিত করে তুলবে। এমনিভাবে ‘গানালাপ’র ৩০টি গানই কোনো না কোনোভাবে শ্রোতাদের ভালোলাগায় সিক্ত হবে।

‘গানালাপ’- বাংলা আধুনিক গানের সেই হারানো মেলোডি নতুন আবহে শ্রোতাকে মুগ্ধ করবে- এ বিশ্বাসের সঙ্গে যুক্ত হওয়া যায়। এবং দৃঢ়তার সঙ্গে বলা যায়, ‘গানালাপ’ বাংলা আধুনিক গানের সাদা মেঘে এক পশলা বৃষ্টি।
সঙ্গীতপ্রিয় বন্ধুরা হেড মাস্টার ভয়েজ (মোবাইল : +৮৮০ ০১৬৮৬ ১১৩০৯৯, ই-মেইল : mastarybd@gmail.com) থেকে ‘গানালাপ’ এলবামটি সংগ্রহ করতে পারেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম