মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম।
| ৮ই নভেম্বর ২০২৩ | ২৩শে কার্তিক, ১৪৩০

কুমিল্লা জেলার চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের কৃষকরা পটল চাষ করে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছে।
উপজেলা কৃষি বিভাগ থেকে পটল চাষের উপর প্রশিক্ষণ নিয়ে চাষ করে দরিদ্র সংসারে এসেছে স্বচ্ছলতা। কয়েক বছর আগে এই জমিগুলোতে কোন প্রকার চাষাবাদ হতো না এবং কৃষকদের অভাব অনটন লেগে থাকতো।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলায় এখন ৭৫ হেক্টর জমিতে পটলের আবাদ হচ্ছে।
উপজেলা কৃষি অফিস হতে বীজ, সার দিয়ে কৃষকদের সাহায্য করছে। কৃষকদের ধানের পাশাপাশি সবজি চাষেও উৎসাহ প্রদান করা হচ্ছে।
পটল চাষিরা জানান, প্রতি শতাংশ জমিতে পটল চাষে শ্রেণীভেদে খরচ পড়ছে ৮০০ থেকে ১ হাজার টাকা এবং উৎপাদিত পটল বিক্রি করে খরচ বাদ দিয়ে আয় হয় ৩ হাজার থেকে ৪ হাজার টাকা।

কৃষক তোফাজ্জল হোসেন জানান, এবার তিনি ১৫ কাঠা জমিতে পটল চাষ করেছেন। ৪ মাস পটলের জমি পরিচর্যার পর গাছে ফল আসতে শুরু করে। এই ১৫ কাঠা জমি আবাদে তিনি এখন পর্যন্ত ২০ হাজার টাকা খরচ করেছেন। এ পর্যন্ত ৬০ হাজার টাকা পটল বিক্রয় করে ক্যাশ জমিয়েছেন। আগামীতে আরো ১ মাস এমনিভাবে ফসল তুলে বিক্রয় করতে পারবেন বলে জানান। তিনি জানান, প্রতি সপ্তাহে এই জমি হতে ২-৩ মন পটল তুলেন। এখন যতই দিন যাবে ততই আরো বেশী ফসল তুলবেন। প্রতি কেজি পটল তিনি ২৫-২৮ টাকা কেজি দরে বিক্রি করেন। সামনের দিনে পটলের দাম আরো বাড়বে ফলে আরো বেশী লাভবান হবে বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার বলেন, কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের পক্ষ হতে নিরাপদ সবজি চাষে কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে। উপজেলায় অনেক জায়গাতে কৃষক পটল চাষ করে লাভের মুখ দেখছে। আগামীতে অত্র উপজেলায় পটলের আবাদ বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম