Home / জাতীয় / দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী
16 5 2026 555555

দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী

ঢাকা, শনিবার ১৬ মে ২০২৬ মাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দ্দ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল পুনর্খননের এ অনুষ্ঠান। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, কী প্রতিজ্ঞা? সেটা হচ্ছে- দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।

বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, আগামীতে সকল প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করব।

তিনি বলেন, আমরা যারা বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দল করেছি, আমরা সবাই বলি- জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের শক্তিই আমাদের শক্তি। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, যতক্ষণ সমর্থন থাকবে, আমাদের দেশ গড়ার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে।

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আজকে এ খাল কাটা অনুষ্ঠানে আসুন আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের শপথ হোক যে- ‘আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কাজে বিশ্বাসী, কথায় নয়। আজ আপনারা আমাদের ক্ষমতায় এনেছেন। এবার আপনাদের প্রতি নির্বাচনপূর্ব যে সমস্ত ওয়াদা দিয়েছি, তা এক এক করে বাস্তবায়ন শুরু করছি। ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষকদের কৃষি কার্ড প্রদান কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে আপনাদের দেওয়া সকল ওয়াদা পূরণ করা হবে।

তারেক রহমান বলেন, কৃষকদের ভাগ্যোন্নয়নে এবং দেশের খাদ্য সংকট নিরসন ও অর্থনীতিতে বিপ্লব ঘটাতে সমগ্র দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনর্খননস্থলে পৌঁছে ফলক উন্মোচন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফলক উন্মোচনের পরে খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন তিনি। পরে খালের তীরে বৃক্ষরোপণ করেন।

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন।

খোর্দ্দ খালটি ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খনন করে ছিলেন। ১৩ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্য খালটি ডাকাতিয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে। তৎকালীন সময়ে এ খালের পানি দিয়ে কৃষকরা সোনালী ফসল ফলাতো। দীর্ঘ ৪২ বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানে সন্তান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান খালটি পুনর্খনন কাজ শুরু করায় আবার এ এলাকার কৃষকরা খুশি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 6 26 555555555

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

ঢাকা, বুধবার ১০ জুন ২০২৬ মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরের সময় একটি আধা …