Home / প্রচ্ছদ / ঢাকায় ৫০ স্থানে বসছে বায়ু পরিশোধন যন্ত্র
1 5 25 1

ঢাকায় ৫০ স্থানে বসছে বায়ু পরিশোধন যন্ত্র

ঢাকা, বৃহস্পতিবার ০১ মে ২০২৫
বায়ুদূষণ ঠেকাতে ঢাকার অন্তত ৫০টি জায়গায় ‘এয়ার পিউরিফায়ার’ বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। গত সোমবার ডিএনসিসি নগর ভবনে ‘দূষণমুক্ত ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক পলিসি ডায়ালগে এই কথা জানিয়েছিলেন।তবে রাজধানীর বায়ুদূষণ রোধে নগরীর অন্তত ৫০টি জায়গায় ডিএনসিসির এয়ার পিউরিফায়ার (বায়ু পরিশোধন যন্ত্র) স্থাপনের পরিকল্পনা স্বল্পমেয়াদি প্রচেষ্টা হিসেবে প্রশংসনীয় হলেও দীর্ঘ মেয়াদে টেকসই সমাধান নয় বলে মনে করছেন বায়ু গবেষকরা।

গত সোমবার মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকায় বায়ুদূষণের বড় কারণ ২০ বছরের পুরনো যানবাহন।

এ ছাড়া নির্মাণকাজসহ নানা কারণে বায়ুদূষণ হচ্ছে। দূষণ ঠেকাতে পুরনো যানবাহন উঠিয়ে দেওয়ার সুপারিশ করেছে ডিএনসিসি। নির্মাণকাজসহ অন্যান্য কারণে দূষণ কমিয়ে আনা যায় সে ব্যবস্থার দিকে যাওয়া হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে এয়ার পিউরিফায়ার।’তিনি বলেন, ‘এয়ার পিউরিফায়ারগুলো বিভিন্ন পাবলিক প্লেসে বসানো হবে। প্রায় ১০০টি গাছ বাতাসকে যেমন বিশুদ্ধ করে, ঠাণ্ডা করে, একেকটি ডিভাইস বাতাসকে সে পরিমাণ বিশুদ্ধ করবে। এই ধরনের ইঞ্জিনিয়ারিং সল্যুশনের দিকে আমরা যাচ্ছি। দূষণ কমাতে কুইক সল্যুশন দরকার।
আবার পাশাপাশি দীর্ঘস্থায়ী সমাধান নিয়েও আমরা কাজ করছি।’তিনি বলেন, ‘ডিভাইসগুলো একটু দামি, কিন্তু আমরা স্পন্সর পেয়েছি ৫০টি পিউরিফায়ার বসিয়ে দেওয়ার। এতে সিটি করপোরেশনের কোনো টাকা খরচ হবে না। এই মাসেই আমরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিতে যাব।’তবে বায়ুদূষণ নিয়ে কাজ করা গবেষকরা বলছেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এ ধরনের পিউরিফায়ার স্থাপন করে সামগ্রিক বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি আনা কঠিন।
বায়ুদূষণ রোধে স্বীকৃত উপায়গুলোর মধ্যে এয়ার পিউরিফায়ার নেই। এটি ছোট পরিসরে সাময়িক স্বস্তি পেতে পরীক্ষামূলকভাবে বসানো যেতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, এয়ার পিউরিফায়ারের বড় আকারের ইউনিটগুলো নির্দিষ্ট সীমার মধ্যে বায়ু শোধনে সক্ষম হলেও এগুলোর প্রভাব মূলত সীমিত এলাকাজুড়ে।ডিএনসিসি সূত্রে জানা গেছে, এইচডিসিটি ৫১০০০ মডেলের ৫০টি স্থির বায়ু পরিশোধন যন্ত্র বসানো হবে রাজধানীতে, যা প্রতি মিনিটে ৩০ হাজার ঘনফুট বায়ু পরিশোধন করতে পারবে। যন্ত্রটি বাতাসে থাকা অতিক্ষুদ্র বস্তুকণা ৯০ শতাংশ পর্যন্ত পরিশোধন করতে সক্ষম বলে যন্ত্র বিবরণী থেকে জানা গেছে।

একেকটি যন্ত্রের ওজন ১ হাজার ৫০০ কিলোগ্রাম, যা গড়পড়তা একটি টয়োটা করোলা গাড়ির সমান। যন্ত্রটি চালাতে ২২০ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে, অর্থাৎ এটি বাসাবাড়িতে চালানো ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতো ভোল্টেজে চলবে।

যন্ত্রটির বিবরণীতে বলা হয়েছে, এটি উচ্চ জনসমাগম এলাকাগুলোর জন্য বিশেষভাবে উপযোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী, এটি বাতাসে অতিক্ষুদ্র কণার উপস্থিতির স্তর স্বাভাবিক রাখতে সহায়তা করে। যন্ত্রটি যানবাহন ও শিল্প খাতের ধোঁয়াসহ সিগারেটের মতো ক্ষতিকর ধোঁয়া বাতাস থেকে টেনে নিতে সক্ষম।

বায়ুদূষণবিষয়ক গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘বড় দেশগুলোও এয়ার পিউরিফায়ার স্থাপনের মতো ব্যয়বহুল প্রকল্প নিয়ে খুব একটা সফল হতে পারেনি। হয়তো প্রাথমিকভাবে বেসরকারি কম্পানি ব্যয় বহন করছে, তবে একটা সময় আমাদের এগুলো কিনতে হবে। সেদিকে না গিয়ে আমাদের কাজ করতে হবে দূষণের উৎস খুঁজে বের করে সেগুলো বন্ধ করতে।’

বিশ্বের বিভিন্ন শহরে এয়ার পিউরিফায়ারের অবস্থা
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ মোকাবেলার জন্য বড় আকারের এয়ার পিউরিফায়ার স্থাপন করা হয়েছে। এর মধ্যে চীনের শিয়ান শহরে বিশ্বের সবচেয়ে বড় এয়ার পিউরিফায়ার টাওয়ার স্থাপন করা হয়েছে, যার উচ্চতা প্রায় ২০০ ফুট। এই টাওয়ারটি প্রতি ঘণ্টায় ৩০ হাজার ঘনমিটার বায়ু পরিশোধন করতে সক্ষম। তবে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে এর কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে এবং অনেকে এটিকে প্রতীকী উদ্যোগ হিসেবে দেখেন।

এ ছাড়া বেইজিংয়ে ডাচ ডিজাইনার ড্যান রুসেগার্ডের ডিজাইন করা ‘স্মোগ ফ্রি টাওয়ার’ স্থাপন করা হয়েছে। এই ২৩ ফুট উচ্চতার টাওয়ারটি প্রতি ঘণ্টায় ৩০ হাজার ঘনমিটার বায়ু পরিশোধন করতে পারে এবং ৭৫% পিএম২.৫ ও পিএম১০ কণিকা অপসারণে সক্ষম। এটি মূলত বায়ুদূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি প্রদর্শনী প্রকল্প।

একই প্রকল্প রয়েছে ভারতের দিল্লি ও মুম্বাইয়ে। দিল্লিতে ‘স্মগ টাওয়ার’ স্থাপন করা হয়েছে। তবে গবেষণায় দেখা গেছে যে, এর প্রভাব সীমিত এবং এটি বৃহৎ পরিসরে বায়ু পরিশোধনে কার্যকর নয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …