মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ২০ জানুয়ারি ২০১৮ । ০৭ মাঘ ১৪২৪
আজ ২০ জানুয়ারি, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার কামরুল ইসলাম সিদ্দিক-এর ৭৩তম জন্মদিন। তিনি ১৯৪৫ সালের ২০ জানুয়ারি লালনের পুণ্যভূমি মীর মশাররফ হোসেনের স্মৃতিধন্য রবীন্দ্রনাথের পরশমাখা কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন।
মেধাবী সিদ্দিক ১৯৬৬ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে প্রকৌশলী হিসেবে স্বাধীন দেশের ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণে শুরু করেন আর এক যুদ্ধ। দীর্ঘ তিন যুগ ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি নিরলস পরিশ্রম করেছেন এবং দেশজ উন্নয়নের প্রতীক এলজিইডিকে একটি মডেল হিসেবে বিশ্বদরবারে উপস্থাপন করেছেন।

তিনি ১৯৯৯ সালের মে মাসে পিডিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ১ বছরেই পিডিবির অন্ধকারকে অসম্ভব আলোকিত করেন। যুক্তরাজ্যের ‘ইনস্টিটিউট অব সিভিল ইঞ্জিনিয়ার্স ফেলোশিপ অ্যাওয়ার্ডধারী প্রকৌশলী সিদ্দিককে বাংলাদেশের সড়ক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশ্বব্যাংক ১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন পার্সন অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করে।
তিনি ছিলেন নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ। ২০০২-০৩ টার্মে দুই বছরের জন্য তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি যোগাযোগ মন্ত্রণালায়ের অধীন যমুনা ব্রিজ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কামরুল ইসলাম সিদ্দিক Global Water Partnership-South Asia Region-এর প্রথম চেয়ারপারসন (২০০৩-২০০৪) নির্বাচিত হন। তিনি ১৯৭৭ সালে যুক্তরাজ্যের শেফিল্ড থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি Bangladesh Water Partnership (BWP), Bangladesh National Forum for Rural Transport Development-এর প্রেসিডিন্টের দায়িত্ব পালনসহ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ব্যাপকভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। আজ এই মহামানবের ৭৩তম জন্মদিন। http://mastarybd.com-এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম