মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২৭ মে ২০১৮ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৪
হেড মাস্টার ভয়েস (এইচএম ভয়েস) আয়োজিত ইফতার অনুষ্ঠান ও সুহৃদ কথন অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় অনেক তারকা শিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠান স্থলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি আনন্দমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ও গায়িকা নিনা সামান্তা, ক্লোজআপ তারকা সাব্বির, নওরিন, মোহিত খান, শিরিন আক্তার লিসা, জি বাংলার সারেগামাপা খ্যাত বিন্দিয়া খান, ছায়ানটের সুষ্মিতা দেবনাথ শুচি, কণ্ঠশিল্পী ও অভিনেতা পলাশ লোহ এবং এইচএম ভয়েস’র সদস্যগণ উপস্থিত ছিলেন। একে অপরের সঙ্গে ভাব বিনিময়, ইফতার এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় পরবর্তী কার্যক্রম।
এর পর পরই এইচএম ভয়েস’র ব্যানারে সদ্য নির্মিত শেখ নজরুলের কথায়, শোয়েব শিবলীর সুরে, বিন্দিয়া খানের গাওয়া ‘মনটা নিয়ে কী যে করি’ শীর্ষক ঠুমরি গানের মিউজিক ভিডিওর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটির উদ্বোধনে একই সঙ্গে যোগ দেন নিনা সামান্তা, সাব্বির, নওরিন, মোহিত খান, শিরিন আক্তার লিসা, বিন্দিয়া খান, সুষ্মিতা দেবনাথ শুচি, পলাশ লোহ ও আতা পাশা।

সময়ের জনপ্রিয় কবি-গীতিকার শেখ নজরুল-এর লেখা ও শোয়েব শিবলী’র সুরে নির্মিত ঠুমরির মিউজিক ভিডিওটি সম্পর্কে উপস্থিত তারকা শিল্পীরা যা বলেন-
সাব্বির- ফিউশনের যুগে ঠুমরি একটি সাহসিকতার পরিচয়।
নওরিন- সাহসি না হলে এই সময়ে ঠুমরি গান গাওয়াই বেশ কঠিন।
মোহিত খান- আমি মোহিত গানটি শুনে বিমোহিত হয়েছি।
সুষ্মিতা দেবনাথ শুচি- গানটি শুনতে শুনতে আমার মনটি কোথায় রাখবো সেই ভাবনায় পড়েছি।
নিনা সামান্তা- বিন্দিয়া যেভাবে গেয়েছেন যে কোনো শিল্পীরই গানটি গাইতে লোভ হবে।
আর এইচএম ভয়েস’র বক্তব্য হচ্ছে- ঠুমরি গান পরিবেশনা আমরা ভুলতেই বসেছি। উল্লেখ্য, এইচএম ভয়েস মূলধারার বাংলা গান বাংলা ভাষাভাষির কানে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এইচএম ভয়েস মূলধারার বাংলা গানের পাশাপাশি ধ্রুপদি ধারার গান নির্মাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটির শেষ পর্বে কবি শেখ নজরুলের কবিতা থেকে পাঠ অনুষ্ঠিত হয়। পাঠে অংশগ্রহণ করেন- কামাল বারি, শাহীন আলীম, রিমি, আতা পাশা, শান্তা ইসলাম, রেহানা রহিম, শোয়েব শিবলী, মোল্লা ফেরদৌস, শারমিন সোমা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচএম ভয়েস’র প্রধান নির্বাহী মাহবুব আহসান শিমুল।
ঈদকে সামনে রেখে এইচএম ভয়েস’র ব্যানারে কবি শেখ নজরুলের কথায়, শোয়েব শিবলী’র সুরে বাংলাদেশের বর্তমান সময়ের প্রখ্যাত তারকা শিল্পীর সমন্বয়ে গানের এলবামের কাজ এগিয়ে চলছে।
শিল্পীরা হচ্ছেন- কাঙ্গালিনী সুফিয়া, শফি মণ্ডল, সাব্বির, লিজা, নওরিন, আফসানা রুনা, বিন্দিয়া খান, পলাশ, লিসা প্রমুখ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম