মাস্টারি বিডি ডটকম
খুলনা । ৩১ জানুয়ারি ২০১৭ । ১৮ মাঘ ১৪২৩
খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ অবিলম্বে ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, মামলা প্রত্যাহার না হলে সাংবাদিকরা তাদের দাবি বাস্তবায়নে আরো কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে আজ মঙ্গলবার প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মানহানির অভিযোগ ও তার প্রতি ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি এসএম হাবিবের সভাপতিতে প্রতিবাদ সমাবেশের প্রেক্ষাপট তুলে ধরেন ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন।
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হোসেন। আহমেদ আলী খান, ফারুক আহমেদ, বিএফইউজে’র মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় ও শাহ আলম, সাংবাদিক নেতা মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, মাহবুব আলম সোহাগ ও কৌশিক দেব বাপ্পী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন ঘাতক দালাল নির্মূল কমিটির নগরীর দৌলতপুর শাখার সভাপতি শাহীন জামাল পন ও ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান।
নেতৃবৃন্দ বলেন, গণ মাধ্যমের কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তির বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে যে কেউ তা নিয়ে প্রেস কাউন্সিলে যেতে পারে। কিন্তু এ নিয়ে ব্যক্তিগত আক্রমণ কাম্য নয়। তারা এ ব্যাপারে জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।-সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম