মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১৭ সেপ্টেম্বর ২০১৮ । ০২ আশ্বিন ১৪২৫
সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে স্বীকৃতি দেয়ায় কৃতজ্ঞতা জানাতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তৃতীয় লিঙ্গের আবিদা ইসলাম মৈয়ূরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই সাক্ষাৎকে অত্যন্ত আবেগঘন হিসাবে বর্ণনা করেন।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে বলেন, মৈয়ূরী অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে প্রধানমন্ত্রীর প্রতি তাকে তাঁর (শেখ হাসিনার) নিজের সন্তান হিসাবে গ্রহণ করার অনুরোধ জানালে তিনি বলেন, ‘অবশ্যই তুমি আমার সন্তান।’
সমাজে অবহেলার শিকার হিজড়াদের মমতাময়ী মায়ের আদরে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধি দলের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছেন তিনি।
এই প্রতিনিধিদলের সদস্যরা ‘সিরি সমাজ কল্যাণ সংস্থা’-এর আওতায় জামালপুর জেলায় তৃতীয় লিঙ্গের লোকদের কল্যাণে কাজ করে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে স্বীকৃতি দেয়ায় প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।
মৈয়ূরী প্রধানমন্ত্রীকে বলেন, ‘অতীতে কোন সরকার তৃতীয় লিঙ্গের লোকদের কল্যাণে কাজ করেনি।
প্রধানমন্ত্রী তাদেরকে সমাজের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তাঁর সরকার তৃতীয় লিঙ্গের লোকদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ হাতে নিয়েছে এবং তাদেরকে পরিবারের সঙ্গে থাকার অধিকার নিশ্চিত করেছে।
সাক্ষাত শেষে আরিফা ইয়াসমিন ময়ুরী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কথা এতদিন শুধু শুনেছি। আমাদের হিজড়া পল্লীর ৮৭ জনের জন্য তিনি কুরবানীর গরু পাঠানোর পর তাকে সরাসরি দেখার স্বপ্ন হল।
এজন্য প্রিয় নেত্রীর সময় চেয়েছিলাম। অবাক হওয়ার বিষয় এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সময় দিয়েছেন। তার সঙ্গে দেখা হওয়ার পর আরো অবাক হয়েছি তিনি কত সাধারণ । সত্যিই তিনি আমাদের কথা ভাবেন। আমরা তার দীর্ঘ জীবন কামনা করি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম