Home / অর্থনীতি / অন্তর্বর্তী সরকারের প্রথম একনেকে ১২২২ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন
2951.aknek-20240918162200

অন্তর্বর্তী সরকারের প্রথম একনেকে ১২২২ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

ঢাকা, বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | মাস্টারি সংবাদ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁওয়ে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পে ৭০ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে এবং ২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (সুন্দলপুর সাউথ-১ ও জামালপুর-১) খনন প্রকল্প এ ৫৮৮ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৯৯ কোটি সরকারি অর্থায়ন এবং ১০০ কোটি টাকা ইউনিসেফের অনুদান। এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা. ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটির মেয়াদ ১ (এক) বছর বৃদ্ধি, প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি ব্যয় পুনঃপ্রাক্কলন করার নির্দেশনা দিয়ে অনুমোদন করা হয়েছে। প্রকল্পটিতে ২ বছরের জন্য ১৬৩ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল।

কিন্তু মেয়াদ এক বছর বৃদ্ধির প্রেক্ষাপটে ব্যয়ও কমানো হবে।

একনেক সভায় অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ; পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ; পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্টরা সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সভায় মন্ত্রিপরিষদসচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কন্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …