মাস্টারি বিডি । শিমুল আহসান
বিনোদন ডেস্ক । ১৯ অক্টোবর ২০১৮ । ০৪ কার্তিক ১৪২৫
জাতির পক্ষ থেকে লাখো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিলেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু।
কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তাকে।
কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত শিল্পীর কফিনে বিভিন্ন শ্রেনী-পেশার অগণিত মানুষ লাইন ধরে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পুষ্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে এসে অসংখ্য মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন। হাতে গোলাপ, পুস্পার্ঘ এবং চোখ থেকে ঝরছে শোকাশ্রু, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা প্রিয় শিল্পীর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহীদ মিনারে স্থাপিত শ্রদ্ধাজ্ঞাপনের মঞ্চে শিল্পীর কফিনের পাশে তার স্ত্রী, ছোট ভাই মাসুদুর রহমানসহ আত্মীয়-স্বজন এবং সতীর্থ শিল্পীরা উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর আওয়ামী যুব লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্চাসেবক লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাসদ, ওর্য়াকার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগ (জাসদ সমর্থিত), বৌদ্ধ সংস্কৃতি পরিষদ, ঢাকা ফাউন্ডেশন, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি, র্যাব’এর মহাপরিচালক বেনজীর আহমেদ, শিল্পী ড.ইনামুল হক, শিল্পী ফকির আলমগীর, শিল্পী কুমার বিশ্বজিৎ, অন্য প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরউদ্দিন আহমেদ, সস্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, প্রাচ্যনাট, সংগীত সমন্বয় পরিষদ, সোলস, এলআরবি, উদীচী শিল্পী গোষ্ঠী, একতা কালচারাল সোসাইটি, পথনাট্য পরিষদ, একুশে টিভি পরিবার, আবৃত্তি সমন্বয় পরিষদসহ বিপুল সংখ্যক সামাজিক সাংস্কৃতিক, সংগীত, যন্ত্রসংগীত বিষয়ের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান সংগীত শিল্পী, নাট্যকার অভিনেতা, নাট্য নির্মাতা ও বিভিন্ন ব্য্যন্ড দলের শিল্পীবৃন্দ। এ ছাড়া শত শত সাধারণ মানুষ ও শিল্পীর ভক্ত নারী-পুরুষ এবং যুবক-যুবতীরা কফিনে পুষ্প তোড়া অর্পণ করে শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের ফাঁকে ফাঁকে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ ও শিল্পীর কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পী ফকির আলমগীর, কথাশিল্পী ইমদাদুল হক মিলন, শিল্পী টিটু প্রমুখ।
আবৃত্তি শিল্পী ড. শাহাদাত হোসেন নিপু পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
দুপুর একটার দিকে শদীদ মিনার থেকে শিল্পীর কফিন নিয়ে শবযাত্রা সহকারে জাতীয় ঈদগাহের উদ্দেশে রওয়ানা হন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ। শবযাত্রায় শত শত মানুষ অংশ নেন।
এদিকে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁরা আসলে চট্টগ্রামে শনিবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম