মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ অক্টোবর ২০১৬ । ০৯ কার্তিক ১৪২৩
জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা তিমির দত্তের মৃত্যুতে বিভিন্ন দল ও সংগঠন শোক প্রকাশ করেছে। শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজন।
তিমির লাল দত্তের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ও পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার এক শোক বার্তায় তাঁরা প্রয়াত তিমির লাল দত্তের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আমরা একজন সৎ এবং একনিষ্ঠ সাংবাদিককে হারালাম। তাঁর বিদেহী আত্মার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি পরপারে সৃষ্টিকর্তা তাঁকে যেন সুখে শান্তিতে রাখেন।

সাংবাদিক তিমির লাল দত্তের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা প্রয়াত তিমির লাল দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাংবাদিক তিমির লাল দত্তের মৃত্যুতে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে।
ঢাবি উপাচার্যের শোক
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা তিমির লাল দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
রোববার এক শোকবাণীতে উপাচার্য বলেন, তিমির লাল দত্ত ছিলেন একজন নিষ্ঠাবান সাংবাদিক। তাঁর মৃত্যুতে দেশ একজন কর্তব্যনিষ্ঠ সাংবাদিককে হারালো। সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।
উপাচার্য তিমির লাল দত্তের আত্মার শান্তি কামনা এবং পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তিমির লাল দত্ত দৈনিক খবর পত্রিকার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন । এরপর বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর সর্বশেষ চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে সিনিয়র সাংবাদিক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি ।
সাংবাদিক তিমির লাল দত্ত রোববার সকালে অসুস্থাবস্থায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম