মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ আগস্ট ২০১৭ । ২১ শ্রাবণ ১৪২৪
মিশরীয় ফরোয়ার্ড এসিয়েন মোহাম্মদের জোড়া গোলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লীগে তারা ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটিকে। ম্যাচে পুরনো ঢাকার দলটির হয়েও অবশ্য দুই গোল করেছেন দলের গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। তবে তার ওই গোল দু’টি ব্যবধান কমোনো ছাড়া আর কিছুই করতে পারেনি।
শুরুতে মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রথম পরিকল্পিত আক্রমণটি পরিচালনা করেছিল রহমতগঞ্জ। ৫ম মিনিটে বামপ্রান্ত থেকে ফয়সাল আহমেদের নিচু ক্রসের চলন্ত বলে ইসমাইল বাঙ্গুরা পা ছোঁয়ালেও সেটি সরাসরি আশ্রয় নেয় গোলরক্ষক উত্তম বড়ুয়ার হাতে। ১৫তম মিনিটে লীড পেয়ে যায় ১ম ম্যাচে আরামবাগকে ৪-২ গোলে হারানো রহমতগঞ্জ। বাঁ-প্রান্ত থেকে সাদ্দাম হোসেন এ্যানির মাপা ক্রসের বল দুই ডিফেন্ডারের ওপর দিয়ে দর্শনীয় হেডে জালে জড়ান রহমতগঞ্জের গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা (১-০)।

তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি মুক্তিযোদ্ধা। লীগের প্রথম ম্যাচে শেখ রাসেলের কাছে ৩-০ গোলে হার মানা দলটি ২২তম মিনিটেই সমতায় ফিরে আসে। ডানপ্রান্ত থেকে ডিফেন্ডার তানভির রানার ক্রসের বল ফরাশগঞ্জের গোলরক্ষক মোহাম্মদ রাজিবের হাত ফসকে গেলে সেটি পেয়ে যান আমজাদ আলী। বল পেয়েই দারুণ ভলিতে জালে জড়িয়ে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান ফরোয়ার্ড আমজাদ আলী (১-১)। ম্যাচের ২৭ মিনিটে মিশর থেকে উড়িয়ে আনা ফরোয়ার্ড এসিয়েন মোহাম্মদের গোলে লিড পায় মুক্তিযোদ্ধা। সৈকতের পাসে ডি-বক্সের বাইরে বল পেয়ে একক প্রচেষ্টায় বাঁ-প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়ে কৌনিক শটে দর্শনীয় এক গোল করেন ওই মিশরীয় (২-১)।
ম্যাচের ৩৫তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কামাল বাবুর শিষ্যরা। তবে নাইজেরীয় ডিফেন্ডার মানডে ওসাগির নেয়া ফ্রি-কিক ক্রসবার ছুঁয়ে বাইরে চলে যায়। ইনজুরি সময়ে বক্সের একটু ভেতর থেকে এসিয়েন মোহাম্মদের দুর্দান্ত শটে পাওয়া গোলে ৩-১ ব্যবধানে লীড নিয়ে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।
ম্যাচের ৬৩ মিনিটে আবারো খেলায় ফেরে রহমতগঞ্জ। নাইমুর রহমান শাহেদের ক্রসের বল ভালো মতো ধরতে পারেননি গোলরক্ষক উত্তম বড়ুয়া। এই সুযোগে গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা দর্শনীয় হেডে গোল করলে ব্যবধান কমে ৩-২-এ পৌঁছায়। এরপর আরো জোরালো হয় রহমতগঞ্জের সমতায় ফেরার চেষ্টা। শেষ পর্যন্ত অবশ্য সেটি সম্ভব হয়নি। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় রহমতগঞ্জকে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম