২৪ নভেম্বর ২০২৬ মাসস
সাগরের ঢেউয়ের সঙ্গে ছুটে চলা নৌকা, ভোরের আলোয় সূর্যোদয় দেখা, সবুজ ঘাসের মাঠে ডিগবাজি কিংবা দোলনায় চড়ে আনন্দে মেতে ওঠা। কখনো সৈকতে বাইক চালিয়ে ঘুরে বেড়ানো, কখনও আবার প্রকৃতির সাথে মিশে ক্যামেরাবন্দি হওয়া। এভাবেই কুয়াকাটার সৌন্দর্যে নিজেদের হারিয়ে ফেলেন রাশিয়া থেকে আসা একদল তরুণী পর্যটক।
পটুয়াখালীর কুয়াকাটা যেন তাঁদের কাছে প্রকৃতির এক অন্যরকম ঠিকানা। দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত থেকে শুরু করে ম্যানগ্রোভ বন, চরাঞ্চল, রাখাইন পল্লী আর সবুজে ঘেরা ‘মিনি সুইজারল্যান্ড’ ঘুরে দেখেছেন উপকূলের নানা দর্শনীয় স্থান। বিদায় বেলা যেন শেষ হয়নি তাঁদের প্রকৃতির মুগ্ধতা দেখা। বরং জানিয়ে গেছেন, আগামী মার্চে আবারও ফিরবেন কুয়াকাটায়। এবার সঙ্গে নিয়ে আসবেন আরও কয়েকজনকে।
সম্প্রতি কুয়াকাটায় ঘুরতে আসা নয়জনের এই দলে ছিলেন, ইলানি, ড্রিমো ও নাতানিয়াসহ কয়েকজন রুশ তরুণী। তাঁদের আনন্দঘন মুহূর্তগুলোও নজর কেড়েছে স্থানীয়দের। কাউয়ারচরের মিনি সুইজারল্যান্ডের সবুজ ঘাসের মাঠে দাঁড়িয়ে ডিগবাজি, সৈকতে সূর্যোদয়ের সময় দৌড়ঝাঁপ, দোলনায় চড়া কিংবা সমুদ্রের পাড়ে ছবি তোলার দৃশ্যগুলোতে ফুটে উঠেছে তাঁদের ভ্রমণের উচ্ছ্বাস।
কুয়াকাটা ট্যুর গাইড ও বাইক রাইডার আবু সালেহ জানান, রাশিয়া থেকে আসা এসব পর্যটক পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। প্রায় সাত বছর ধরে তাঁরা বাংলাদেশে অবস্থান করছেন। কাজের ফাঁকে অবসর সময়ে ট্রাভেল এজেন্সির মাধ্যমে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
আবু সালেহ বলেন, তাঁদের নিয়ে লেম্বুরবন, গঙ্গামতী, কাউয়ারচর, মিশ্রিপাড়া, শুঁটকি পল্লী ও মিনি সুইজারল্যান্ডসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছি। তাঁরা কুয়াকাটার প্রাকৃতিক পরিবেশে বেশ আনন্দ করেছেন। দুই দিনের ভ্রমণ শেষে বিদায় নেওয়ার সময় আগামী মার্চে আবারও আসার কথা জানিয়েছেন। এবার তাঁদের সঙ্গে রূপপুরে কর্মরত আরও কয়েকজন সহকর্মীকে নিয়ে আসবেন বলেও জানিয়েছেন।
প্রায় পাঁচ বছর ধরে বিদেশি পর্যটকদের কুয়াকাটা ঘুড়িয়ে দেখানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিদেশিদের বেশ মুগ্ধ করে। তাঁরা খুবই বন্ধুসুলভ। কুয়াকাটায় এসে প্রকৃতি দেখে আন্দোলিত হয়ে পড়েন এবং এখানকার পরিবেশ উপভোগ করেন।
রাশিয়ান পর্যটক নাতানিয়ার কাছেও কুয়াকাটা হয়ে উঠেছে স্মরণীয় এক গন্তব্য। জীবনে প্রথমবারের মতো এখানে এসে মুগ্ধ তিনি। নাতানিয়া বলেন, কুয়াকাটা খুবই সুন্দর, অসাধারণ ও মনোমুগ্ধকর একটি জায়গা। সমুদ্রসৈকত, প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার সৌন্দর্য তাঁর খুব ভালো লেগেছে। সুযোগ হলে আবারও আসতে চান তিনি। ইংরেজিতে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, Kuakata is very nice and wonderful. This is my first visit, and I will come back again.
শুধু সৈকত কিংবা সমুদ্রের ঢেউ নয়, বিদেশি পর্যটকদের মুগ্ধ করছে কুয়াকাটার আশপাশের বৈচিত্র্যময় প্রকৃতি। কাউয়ার চরের মিনি সুইজারল্যান্ড এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী তারিকুল ইসলামের অভিজ্ঞতায়ও উঠে এসেছে সেই চিত্র।
তিনি বলেন, বিদেশি পর্যটকেরা এখানে এসে দীর্ঘ সময় অবস্থান করেন। খাল, সবুজ মাঠ ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন। সম্প্রতি আসা রাশিয়ান তরুণীদের মধ্যে জানা নামের একজন মাঠে নাচ করেছেন, ডিগবাজি দিয়েছেন, আবার সূর্যোদয়ের সময় সৈকতে দৌড়ঝাঁপ করে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন। তাঁরা স্থানীয় দোকান থেকে ডাব, কলাসহ বিভিন্ন খাবার কিনে খেয়েছেন। তাঁদের আচরণও ছিল বেশ ভালো।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম