মাস্টারি বিডি | শিমুল আহসান
সাহিত্যবিভাগ | ঢাকা | ১৬ মে ২০১৯ | ০২ জ্যৈষ্ঠ ১৪২৬
ঐতিহাসিক কবিতা ‘বাঙলা ছাড়ো’ খ্যাত কালজয়ী কবি সিকান্দার আবু জাফরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার।
এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান’র সভাপতিত্বে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ স্মরণসভায় দেশের বরেণ্য ব্যক্তিবর্গ সারগর্ভ বক্তব্য উপস্থাপন করেন।
‘কবি সিকানদার আবু জাফর ও তাঁর সময়’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী।
বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কবি সিকানদার আবু জাফরের ‘বাঙলা ছাড়ো’, ‘জনতার সংগ্রাম’ কিংবা ‘আমার অভিযোগ’-এর মত রচনা নানাভাবে প্রেরণা যুগিয়েছে।
তিনি বলেন, কবি সিকানদার আবু জাফরের কবি ও গীতিকার সত্তা অভিন্নপ্রায়। তবে তাঁর জীবনের সেরা কীর্তি ‘সমকাল’ পত্রিকা সম্পাদনা। এই পত্রিকার পাতায় পাতায় তাঁর রুচি ও সাহসের পরিচয় মুদ্রিত আছে।
অধ্যাপক আনিসুজ্জামান কবি সিকান্দার আবু জাফর স্মরণসভায় সভাপতির ভাষণে এই বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

তিনি বলেন, সিকানদার আবু জাফর ছিলেন বহুমুখী মননের মানুষ। তাঁর কবি ও গীতিকার সত্তা উৎসর্গিত হয়েছে জনমানুষের মুক্তির আবাহনে। একাত্তরের মুক্তিযুদ্ধে যেমন তাঁর সাহসী সাহিত্যিক ভূমিকা ছিল, তেমনি স্বল্পায়ু জীবনে তিনি মানুষের মানবিক অধিকারের পক্ষে সব সময় ছিলেন সোচ্চার। তাঁর সম্পাদিত সাহিত্যপত্র সমকাল বাংলা সাময়িকপত্রের ইতিহাসে অসাধারণ উচ্চতর স্থান অধিকার করে আছে।
কবি আসাদ চৌধুরী বলেন, সিকানদার আবু জাফরের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ-নিবন্ধ, সম্পাদকীয় সর্বত্রই বাংলাদেশ ও তার শোষিত-বঞ্চিত মানুষের মুক্তি, মানবতার জয়গান বাঙ্ময় হয়ে উঠেছিল। একই সঙ্গে তিনি ছিলেন জাতীয়তাবাদী এবং আন্তর্জাতিকতাবাদী। তাই সারা বিশ্বের বিভিন্ন দেশের মুক্তিকামী মানুষের সপক্ষে সোচ্চার ছিল তাঁর ক্ষুরধার কলম।
তিনি বলেন, তাঁর সম্পাদিত সাহিত্য পত্রিকা সমকাল-এর সম্পাদকীয় নিবন্ধেও আমরা একজন প্রগতিশীল মানবতাবাদী লেখকের কণ্ঠস্বর শুনতে পাই। এই পত্রিকায় প্রতিকূল পরিস্থিতিতে তিনি বাঙালি জাতিসত্তার অনুকূলে লিখিত গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশ করেছেন অসম সাহসিকতায়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রচিত তাঁর বিখ্যাত কবিতা ‘বাঙলা ছাড়ো’ সংকলিত হয়েছিল ‘বাঙলা ছাড়ো’ নামের কাব্যগ্রন্থে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম