মাস্টারি বিডি
ডেস্ক নিউজ । ঢাকা । ১৭ এপ্রিল ২০১৯ । ০৪ বৈশাখ ১৪২৬
ফিরদৌস রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেছেন বলে তৃণমূল সূত্রের খবর।
ও-পার বাংলা থেকে টলিউডে এসে এ-পার বঙ্গেও পরিচিতি পেয়েছেন তিনি। সেই বাংলাদেশি অভিনেতা ফিরদৌস আহমেদকে ভারত ছাড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন। মঙ্গলবার উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের মাধ্যমে তাঁকে ‘লিভ ইন্ডিয়া মেসেজ’ দেওয়া হয়। ‘বিজনেস ভিসা’ নিয়ে এ দেশে এসে রাজনৈতিক দলের প্রচারে যোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র। ফিরদৌসকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। এ দিনই সন্ধ্যার বিমানে তিনি দেশে ফিরে গিয়েছেন।
‘‘ভিসার শর্ত মানেননি ফিরদৌস। বিদেশে এসে রাজনৈতিক দলের প্রচারে যোগ দেওয়াও নজিরবিহীন। তাই ভবিষ্যতে তাঁকে ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর মনোভাব দেখানো হবে,’’ বলেন স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র। সংশ্লিষ্ট সূত্রের খবর, শুধু এ দেশের স্বরাষ্ট্র মন্ত্রক নয়, কলকাতার বাংলাদেশি উপদূতাবাস থেকেও ফিরদৌসকে দ্রুত ঢাকায় ফিরে যেতে বলা হয়। এ রাজ্যে এসে ভোটের সময় ওই অভিনেতা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ায় অস্বস্তিতে পড়েছে ঢাকার বিদেশ মন্ত্রকও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ১৪ এপ্রিল ‘বিজনেস ভিসা’ নিয়ে কলকাতায় আসেন ফিরদৌস। ভিসার শর্ত অনুযায়ী তিনি সিনেমার শুটিং, বিনোদনের অনুষ্ঠানে যোগ দিতে পারতেন। ২০২২ সাল পর্যন্ত ভিসা ছিল তাঁর।
ফিরদৌস রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেছেন বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূল জানিয়েছে, ১৪ এপ্রিল উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের হেমতাবাদ, বাঙালবাড়ি, নওদা, বিষ্ণুপুর ও চইনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা এবং রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করে নির্বাচনী প্রচার চালান ফিরদৌস। ১৫ এপ্রিল তিনি করণদিঘি ও ইসলামপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও প্রচার করেন তিনি।
কানাইয়ালাল অবশ্য মঙ্গলবার দাবি করেন, ফিরদৌস তাঁর সমর্থনে হেমতাবাদ ও রায়গঞ্জে রোড শো করে প্রচার চালিয়েছেন বলে তাঁর জানা নেই। তবে জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, ‘‘উত্তর দিনাজপুরের সঙ্গে বরাবর যোগাযোগ রয়েছে ফিরদৌসের। এর আগে তিনি ছবির শুটিং করতে একাধিক বার এই জেলায় এসেছেন।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা থেকে হুবহু তুলে দেওয়া হলো
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম