Home / উদ্যোগ / নাটোরে সাত উপজেলায় নির্মাণ করা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
muktijodha+complex+nator+7+upazila+mbd

নাটোরে সাত উপজেলায় নির্মাণ করা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

মাস্টারি বিডি ডটকম ।
নাটোর । ০৩ জানুয়ারি ২০১৮ । ২০ পৌষ ১৪২৪

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে নাটোরের সাতটি উপজেলায় তিনতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। ইউনিট প্রতি কমপ্লেক্সের নির্মাণ গড় ব্যয় প্রায় দুই কোটি টাকা। এছাড়া এসব ভবনে কম্পিউটার সেট, টেলিভিশন এবং আসবাবপত্র সরবরাহ করা হচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প-এর আওতায় দেশের সকল উপজেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়নাধীন পাঁচতলা ফাউন্ডেশনের এসব কমপ্লেক্স-এর প্রথম ও দ্বিতীয় তলায় বিপণী বিতান এবং তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থাকছে। সংবাদ বাসস-এর।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এর মধ্যে দুই কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে বাগাতি পাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পৌনে দুই কোটি টাকা ব্যয়ে সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষে বর্তমানে রঙের কাজ চলছে। এক কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রথমতলার ছাদ ঢালাই এবং প্রায় দুই কোটি টাকা ব্যয়ে গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাইলিং কাজ শেষ হয়েছে। শহরের আলাইপুর এলাকায় নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়েছে এবং নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা সদরে ১৪ শতাংশ এবং বড়াই গ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় আট শতাংশ জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হলে দ্রুতই কমপ্লেক্স নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে।
নাটোর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুবাস কুমার সরকার বলেন, আগামী অর্থ বছরের মধ্যে জেলার সকল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের দায়িত্বে নিয়োজিত এলজিইডি’র সহকারী প্রকৌশলী তাহেরা খাতুন জানান, নির্মাণ কাজ শেষ হলে সকল কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে গড়ে দুই লাখ টাকা মূল্যমানের চেয়ার, টেবিল, আলমিরা, ফাইল ক্যাবিনেট, সাইডর‌্যাক ইত্যাদি আসবাব সরবরাহ করা হচ্ছে। এছাড়া প্রিন্টারসহ একসেট কম্পিউটার এবং একটি টেলিভিশন সরবরাহ করা হচ্ছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হাকিম সংবাদমাধ্যমকে বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের ফলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনা সহজ হবে। পাশাপাশি, প্রথম ও দ্বিতীয় তলায় নির্মিত বিপনী বিতানের বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাবৃন্দ আর্থিক বুনিয়াদ সুসংহত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

23 6 26 1

‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ১৯ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published.