
মাস্টারি বিডি ।
ঢাকা । ২১ মে ২০১৮ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৪
দীর্ঘদিন পর নতুন গানের কাজ করলেন কবি ও জনপ্রিয় গীতিকার কামরুজ্জামান কামু। অন্তু আজাদের পরিচালনায় ‘আহত ফুলের গল্প’ চলচ্চিত্রের জন্য তার একটি গান সম্প্রতি রেকর্ড হয়েছে।

‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও- করি প্রেমের তর্জমা…’, ‘তোমার বাড়ির রংয়ের মেলায়, দেখেছিলাম বায়োস্কোপ’সহ বহু জনপ্রিয় গানের গীতিকার কামরুজ্জামান কামু এবার সিনেমার জন্য লিখলেন নতুন গান।
‘আমি তোমায় চাইরে বন্ধু, তুমি যাও ছাড়িয়া’ শিরোনামে এ গানটি তিনি লিখেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’ সিনেমার জন্য। বিরহী সুরে মাতানো এ গানটিতে সুর করার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন- ম্যাজিক বাউলিয়ানা ২০১৬-এর ৪র্থ রানার আপ কামরুজ্জামান রাব্বি।

গানটির সংগীত আয়োজন করছেন পিন্টু ঘোষ ও রোকন ইমন।
মূলত তিন নারীর জীবনের সংকট নিয়ে ‘আহত ফুলের গল্প’ চলচ্চিত্রটি গড়ে উঠেছে।
‘শাপলা নামের তরুণীর বিয়ে হয় মসজিদের ইমামের সাথে। সে তাকে নিয়ে গ্রামের এমন একটা বাড়িতে ওঠে যেটায় শুধু একটি জানালা খোলা থাকে। পুরো সিনেমায় শাপলা, কামিনী ও মোহনা নামের তিন নারীর জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে’- আহত ফুলের গল্প সিনেমার কাহিনি এভাবেই বর্ণনা করলেন পরিচালক অন্ত আজাদ।
তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্রে কোন ফ্যান্টাসি নেই। আছে চারপাশে দেখা চারপাশে ঘটনার বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের প্রচলিত জীবনের গভীর সংকটকে উপলব্ধির চেষ্টা।’

চলচ্চিত্রটির সঙ্গীত সম্পর্কে নির্মাতা অন্তু আজাদ বলেন, “৩টি মৌলিক গান, ১টি রবীন্দ্র সঙ্গীত এবং ১টি উত্তর বঙ্গের বিয়ের গীত ব্যবহৃত হচ্ছে চলচ্চিত্রটিতে। এটি আমার প্রথম চলচ্চিত্র। পিতৃতান্ত্রিক বাংলাদেশের মুসলিম সমাজব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতির রসায়নে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। যা আধুনিক যান্ত্রিক চাপে পিষ্ট মানুষের আবেগ ও উপলব্ধিকে স্পর্শ করবে বলে প্রত্যাশা করছি।”
নির্মাতা জানান, এরই মধ্যে চলচ্চিত্রটির প্রায় ৯৫ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। অধিকাংশ শুটিং হয়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার মাটিয়ার পাড়া গ্রামে। বর্তমানে মিউজিকের কাজ চলছে। শিগগিরই অসমাপ্ত কাজ শেষ করে ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে।

ছবিটি প্রযোজনা করেছে ওশান মাইন্ড এন্টারটেইনমেন্ট।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘শাপলা’য় অভিনয় করছেন- তাহিয়া খান। আরও অভিনয় করেছেন- সুজন মাহাবুব, আলী আহসান, গাজী রাকায়েত, অনন্যা হক, শেলী আহসান, জয়া, অভি চৌধুরী, শান্ত কুন্ডু, কামরুল হাসান, তৌহিদুল আলম, সজীব, রিফাত, পিয়ারা বেগম, শহীদুল ইসলাম, ওমরচাঁদ, ইকতারুল ইসলাম, আরিফ, মিনহাজ, তাজিন, রাব্বি, শিরিন প্রমুখ।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম