Home / জাতীয় / ১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটন কেন্দ্র
7 7 26 333

১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটন কেন্দ্র

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | মাসস

অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারিকৃত গণবিজ্ঞপ্তির তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে টানা ভারী বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন সড়কে পাহাড়ধস, মাটি সরে যাওয়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বেড়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী- আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার জন্যও সতর্ক করা হয়েছে।এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস বলেন, টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সাময়িকভাবে সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে প্রতিবছরই বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধস, আকস্মিক ঢল এবং সড়ক যোগাযোগে বিঘ্নের ঘটনা ঘটে। ফলে এসময় পর্যটকদের ভ্রমণে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকে প্রশাসন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …