২০ নভেম্বর ২০২৬ মাসস
নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ৯ কিলোমিটারের এই সড়কের মাত্র এক কিলোমিটারেই প্রায় ৩২০টি ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। দীর্ঘ এক দশক ধরে সড়কটি সংস্কার না করায় বৃষ্টিপাত ও বন্যায় সড়কটি বেহাল হয়ে পড়েছে। এতে উপজেলার ৯টি গ্রামের প্রায় ২০ হাজার বাসিন্দা যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানান, ২০১০ সালের দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পতিসর থেকে হিঙ্গলকান্দি-বড়সাওতা হয়ে সমসপাড়া হাট ও আত্রাইয়ের গুড়নদীর পারঘাট পর্যন্ত সড়কটি পাকা করে। কার্পেটিং উঠে গেলে ২০১৬-১৭ অর্থবছরে সংস্কার করা হয়। এরপর দীর্ঘ সময়েও সড়কটি আর সংস্কার করা হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত এবং মাঝেমধ্যে বন্যার কারণে সড়কে অসংখ্যা খানাখন্দের সৃষ্টি হয়েছে।
গত বুধবার সরেজমিন দেখা যায়, উপজেলার হিঙ্গলকান্দি বাজার থেকে জগন্নাথপুর গ্রামের কাছাকাছি প্রায় ১ কিলোমিটার সড়কে অন্তত ৩২০টি ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের অনেক অংশে গাড়ী থেকে যাত্রী নামিয়ে ভাঙা অংশ পার হচ্ছেন অটোরিকশার চালকরা। এতে একদিকে চলাচল, কৃষিপণ্যসহ মালপত্র পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা, অসুস্থ ও বৃদ্ধরা যাতায়াতে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। অন্যদিকে বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ স্বাভাবিকের চেয়ে দ্রুত সময়ে নষ্ট হচ্ছে। বেহাল সড়কের কারণে উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া, বড়সাওতা, মাঝগ্রাম, জগন্নাথপুর, হিঙ্গলকান্দি, পতিসর, লালপাড়া, মনিয়ারী, মস্কিপুরসহ আশপাশ এলাকার বাসিন্দারা স্বাচ্ছন্দ্যে চলাচল ও মালপত্র পরিবহন করতে পারছেন না।
ভ্যানচালক আরিফুল ইসলাম জানান, সড়কটি ভেঙে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় খুব অল্প মালপত্র নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ ছাড়া ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।
পতিসর রবীন্দ্রস্মৃতি সংগ্রহশালার প্রতিষ্ঠাতা এম মতিউর রহমান মামুন বলেন, এই সড়ক দিয়ে বিভিন্ন এলাকার লোকজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাচারিবাড়ী দেখতে পতিসরে আসেন। এ ছাড়া এই সড়ক দিয়ে অনেকে এলাকার সবচেয়ে বড় হাট সমসপাড়ার পাশাপাশি নাটোরের সিংড়া এবং আত্রাই উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু সড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
উপজেলার বড়সাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউন্নবী জানান, সড়কের এমন বেহাল অবস্থার কারণে একটু বৃষ্টি হলেই যানবাহন চলাচল ব্যাপকভাবে কমে যায়। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যায়।
বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ দশা। সড়কটি সংস্কারে তিনি সংশ্লিষ্টদের মৌখিকভাবে বলার পাশাপাশি উপজেলা এলজিইডি বরাবর লিখিত আবেদনও করেছেন। তবু সমস্যার প্রতিকার হয়নি। এতে এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।
আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতীশ কুমার জানান, সড়কটি মেরামতের জন্য এস্টিমেট তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত দরপত্র আহ্বান করা হবে।
সূত্র : সমকাল
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম