মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ ফেব্রুয়ারি ২০১৭ । ১২ ফাল্গুন ১৪২৩
‘উন্নয়নশীল দেশসমূহে পৌর বর্জ্য ব্যবস্থাপনা (ওয়েস্টসেফ) – ২০১৭’ শীর্ষক তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল শনিবার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হচ্ছে।
আজ কুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে জানানো হয়েছে,এ সম্মেলনে অংশগ্রহণকারিদের নিবন্ধণ কার্যক্রম শনিবার বিকালে শুরু হবে।
আগামী রোববার সকাল ৯ টায় কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ এবং সভাপতিত্ব করবেন সম্মেলনের চেয়ার ও কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
২৬ এবং ২৭ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সেমিনার কক্ষসহ বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত হবে ১২টি প্যারালাল টেকনিক্যাল সেশন, ১টি কী-নোট সেশন।
সম্মেলনে মোট ৩টি কী-নোট পেপার, ১টি থীম পেপার ও ৯৮টি কারিগরী পেপার উপস্থাপিত হবে।
তিন দিনব্যাপী ‘ওয়েস্টসেফ-২০১৭’ আন্তর্জাতিক সম্মেলনে জার্মানী, ইটালী, জাপান, নেপাল, দক্ষিণ কোরিয়া ও ভারতের ২২ জন এবং বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতিনির্ধারকসহ মোট ১৩৮ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।
বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট, কারিগরী ও অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের জন্য নতুন-নতুন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে কুয়েট, জার্মানীর ওয়েমারস্থ বা’হস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব প্যাডোভা ইটালী, ইন্টারন্যাশন্যাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপ (আইডব্লি-উব্লিউজি) ও অরবিট গ্রুপের যৌথ আয়োজনে কুয়েটে ৫ম বারের মত এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে এসএনভি-নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও ওয়াটার এইড বাংলাদেশ এবং সহযোগী হিসেবে রয়েছে সেভেন রিংস সিমেন্ট ও চায়না জিও-ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিজিসি)।
সম্মেলনে প্রফেসর ড. মোহাম্মদ হারুনুর রশীদ বেস্ট পেপার এওয়ার্ড, ওয়েস্টসেফ লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড ও ফ্যাব-ল্যাব ইনোভেটিভ পুরস্কার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, এরআগে কুয়েটে ২০০৯ সালে প্রথম, ২০১১ সালে দ্বিতীয়, ২০১৩ সালে তৃতীয় এবং ২০১৫ সালে চতুর্থ বারের মত পৌর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম