ঢাকা, বুধবার ১০ জুন ২০২৬ মাসস
আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশে ফিরছেন— এমন বিশ্বাসে গত কয়েক দিন ধরে বাংলাদেশের আনাচে-কানাচে দলের কর্মী-সমর্থকেরা, বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলিগ-যুবলিগ কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল-সমাবেশ করছেন। বহু জায়গায় ধরপাকড়ও চলছে। তার মধ্যে অজস্র শিশুমৃত্যুর দায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মঙ্গলবার ঢাকায় সমাবেশ ও মানববন্ধন করলেন আইনজীবীরা।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে মানববন্ধনে প্রধানত আওয়ামি-সমর্থক আইনজীবীরাই ছিলেন। জাতীয় সংসদের নির্দল সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল আগের দিন ইউনূস ও তাঁর ৫ উপদেষ্টার বিরুদ্ধে হামে শিশুমৃত্যুর দায়ে একটি মামলা করলেও তা খারিজ করে দেয় সংশ্লিষ্ট কোর্ট। তার পরে এ দিন কোর্ট প্রাঙ্গণ তপ্ত ছিল আইনজীবীদের এই কর্মসূচিতে। ‘ইউনূসের বিচার চাই’ স্লোগানে সরগরম হয়ে ওঠে চত্বর।
ইউনূস জমানায় একটি ভুয়ো মামলায় একদিনে ঢাকার ৬১ জন আইনজীবীকে গ্রেপ্তার করে জেলে আটক করা হয়েছিল। দু’মাস পরে মুক্তি পান এই আইনজীবীরা। সেই দিন স্মরণে মঙ্গলবার ঢাকা বারের কয়েকশো আইনজীবী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ইউনূসের নানা অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবি জানান।
কারামুক্ত আইনজীবীরা বলেন, ইউনূসের দানবীয় শাসন এখন ভিন্ন মোড়কে রহাল রয়েছে। তাঁদের অভিযোগ, বিএনপি জমানায়ও আওয়ামিপন্থী আইনজীবীদের সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, বিভিন্ন আদালতে মামলা পরিচালনা করতেও বাধা দেওয়া হচ্ছে।
গত এক সপ্তাহ জুড়েই হাসিনার সমর্থনে আওয়ামি সমর্থকদের মিছিলে-মিটিংয়ে বাংলাদেশ ছয়লাপ। কয়েক দিন আগে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম সড়কে ছাত্রলিগ ও যুবলিগ কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে বেশ বড় মিছিল করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মহাসড়কের ঢাকামুখী লেনে এ মিছিল ও সমাবেশ করেন তাঁরা। পরে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মিছিলকারীদের ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস বাজেয়াপ্ত করা হয়েছে।
শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির নিভৃতপল্লীতে অন্তত হাজার খানেক আওয়ামি লিগ কর্মী-সমর্থক সমাবেশ করে হাসিনার মামলা প্রত্যাহারের দাবি জানান। এই কর্মী-সমর্থক সমাবেশের খবর ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে পুলিশ অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। কয়েকদিন আগে নোয়াখালিতে কয়েক হাজার আওয়ামি লিগ সমর্থক পুলিশের বাধা উপেক্ষা করে বাঁধভাঙা মিছিল করে তাক লাগিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে। এই মিছিলের পরে নোয়াখালির সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
কুদ্দুস আফ্রাদ, ঢাকা
সূত্র : এই সময়
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম