ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজিবপুর গ্রামের একটি বাড়িতে এখন শুধুই দীর্ঘশ্বাস। একই পরিবারের মা ও মেয়ে দুজনেই আক্রান্ত হয়েছেন মরণব্যাধি জরায়ু ক্যান্সারে। অভাবের সংসারে চলছে বেঁচে থাকার কঠিন লড়াই।
মা শেফালী বেগম ও মেয়ে শাহী ফারজানা মিমি; দুজনেরই চিকিৎসা চালাতে গিয়ে দিশেহারা পরিবারটি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ড্রাইভার। তার সামান্য আয়ে কোনো রকমে চলত সংসার।
দুই বছর আগে শেফালী বেগমের শরীরে জরায়ু ক্যান্সার ধরা পড়ে। স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে পরিবারের শেষ সম্বল বসতভিটাও বিক্রি করে দেন স্বামী। কিন্তু দুই বছর না পেরোতেই মেয়ে শাহী ফারজানা মিমির শরীরেও ধরা পড়ে একই রোগ।
চিকিৎসকরা জানিয়েছেন, মিমির কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। শরীরে স্বাভাবিকভাবে রক্ত উৎপাদন হচ্ছে না। নিয়মিত রক্ত দিতে হচ্ছে তাকে।
মিমির বাবা জানান, প্রতি মাসে মা ও মেয়ের চার থেকে পাঁচটি করে পরীক্ষা করাতে হয়। এসব পরীক্ষাতেই খরচ হয় ৩০ থেকে ৩২ হাজার টাকা। এর বাইরে রয়েছে ওষুধ ও রক্ত পরিবর্তনের ব্যয়। এখন পর্যন্ত স্ত্রী ও মেয়ের চিকিৎসায় প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে।
যেখানে একজন ক্যান্সার রোগীর চিকিৎসার ব্যয় বহন করাই কঠিন, সেখানে মা-মেয়ে দুজনের চিকিৎসার খরচ চালিয়ে যাওয়া এই পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি।
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ (পার্সোনাল): ০১৭৫০-৭৫২২৫০
সূত্র: বাংলাভিশন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম