ঢাকা, মঙ্গলবার ০৫ মে ২০২৬ মাসস
গাজীপুরের কালিয়াকৈরে উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই একটি সেতু সংলগ্ন সড়কের অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনচালকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশের সড়কের অংশ ভেঙে পড়েছে।
স্থানীয়দের মতে, সোমবার (৪ মে) রাতের কোনো এক সময় সড়কটি ধসে পড়ে। জানা যায়, প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার টাকার বেশি। কাজটি বাস্তবায়ন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে সেতুটি উদ্বোধন করা হয় বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ে সড়ক ধসে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, হঠাৎ করে সড়কের এমন অবস্থা তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। দ্রুত সংস্কার কাজ শুরু এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদের বলেন, সড়কের যে অংশটি ধসে পড়েছে, সেটি আমরা দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কাজের কিছু অংশ এখনও চলমান রয়েছে। যে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে দ্রুত মেরামত করা হবে।
উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে। কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে পুনরায় চলাচল স্বাভাবিক করা হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং সড়কটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়তে পারে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম