Home / আন্তর্জাতিক / ধর্মেন্দ্র-দিলীপ কুমারের নায়িকা মধুমতী মারা গেছেন
16 10 25 1

ধর্মেন্দ্র-দিলীপ কুমারের নায়িকা মধুমতী মারা গেছেন

ঢাকা, বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ মাসস

বলিউডের প্রবীণ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতী মারা গেলেন। বুধবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মধুমতী। চিকিৎসাধীন অবস্থাতেই ঘুমের মধ্যে চিরনিদ্রায় চলে যান এই বর্ষীয়ান শিল্পী। বিকেলেই মুম্বাইয়ের বুওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

মধুমতীর আসল নাম হুটোক্সি রিপোর্টার। ১৯৩৮ সালে জন্ম নেওয়া মধুমতী ছোটবেলা থেকেই ছিলেন নাচে অনুরাগী। ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরি নৃত্যে ছিল তাঁর দক্ষতা। সেই নাচের মাধ্যমেই তাঁর সিনেমায় আগমন।

১৯৫৭ সালে একটি মারাঠি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর নৃত্যশিল্পী থেকে ধীরে ধীরে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান তিনি। ‘হুটোক্সি রিপোর্টার’ থেকে নাম পরিবর্তন করে ‘মধুমতী’ নামেই পরিচিত হন দর্শকমহলে। অভিনয় করেছেন ধর্মেন্দ্র, দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো জনপ্রিয় তারকার সঙ্গে।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘আঁখে’, ‘টাওয়ার হাউজ’, ‘শিকারি’ এবং ‘মুঝে জিনে দো’। প্রতিটি চরিত্রেই ফুটে উঠেছিল তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও নৃত্যনৈপুণ্য।

মধুমতীর মৃত্যুতে বলিউডে নেমেছে শোকের ছায়া। সহকর্মী থেকে নবীন প্রজন্মের শিল্পীরাও তাঁকে স্মরণ করছেন। শোক জানিয়েছেন অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে ও জসবিন্দর নরুলাও।

অভিনেতা বিন্দু দারা সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “শিক্ষিকা ও পথপ্রদর্শক মধুমতীজির আত্মার শান্তি কামনা করি। সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে তিনি এক সুন্দর জীবনযাপন করেছেন। আমরা অনেকেই তাঁর কাছ থেকে নাচ শিখেছি।”

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …