Home / জলবায়ু / ঢাকার খালগুলো দিয়ে ‘ব্লু নেটওয়ার্ক’ তৈরি করা হবে : সৈয়দা রিজওয়ানা
281

ঢাকার খালগুলো দিয়ে ‘ব্লু নেটওয়ার্ক’ তৈরি করা হবে : সৈয়দা রিজওয়ানা

ঢাকা, শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪

রাজধানী ঢাকার খালগুলো দিয়ে ‘ব্লু নেটওয়ার্ক’ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘ঢাকা খালগুলো এখনো উদ্ধার করা সম্ভব, সেগুলো দিয়ে এই নেটওয়ার্ক করা হবে।’

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বন ভবনে সিইজিআইএস আয়োজিত ‘বিগত ১০০ বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন ও কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান ও রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার প্রমুখ।

সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, ‘অবৈধভাবে দখল হওয়া খাল উদ্ধারে রাজউককে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করতে হবে। কোনো অন্যায়কে বৈধতা দেওয়া যাবে না। একই সঙ্গে ঢাকার উন্মুক্ত মাটিতে ঘাস লাগাতে হবে। এ কাজে কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে।

 সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকার নগর পরিকল্পনায় সবুজায়ন, জীববৈচিত্র্য ও জলাভূমি সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। সবুজ ও জলাভূমি রক্ষায় সব বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সব প্রকার দূষণ থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা দরকার।’সভা শেষে উপদেষ্টা রাবার বাগান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সভা করেন। তাদের বিভিন্ন বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …