মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৮ ডিসেম্বর ২০১৭ । ১৪ পৌষ ১৪২৪
উদীচী’র তিনদিনব্যাপী সাংস্কৃতিক সম্মেলন আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শুরু হচ্ছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ সম্মেলনে সারাদেশ থেকে উদীচী’র শিল্পী-কর্মীরা নিজ নিজ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ভাণ্ডার নিয়ে অংশগ্রহণ করবেন। এতে থাকবে আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নানা পরিবেশনা।
‘দ্রোহে বিদ্রোহে বিপ্লবে, গড়ি বিশ্ব সপ্তসুরে’- এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদীচী’র এবারের জাতীয় সম্মেলন।

এর আগে, মঙ্গলবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে অনুষ্ঠানমালার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিতভাবে অবহিত করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উদীচী’র সহ-সভাপতি কাজী মোহাম্মদ শীশ, মাহমুদ সেলিম, প্রবীর সরদার ও সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম উপস্থিত ছিলেন।
জামসেদ আনোয়ার তপন জানান, ২৮ ডিসেম্বর বিকেল ৩ টায় সম্মেলন উদ্বোধন করবেন প্রবীণ কৃষক নেতা, লোকশিল্পী আব্দুল হাশিম। তিনদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যথাক্রমে উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, কামাল লোহানী ও গোলাম মোহাম্মদ ইদু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদীচী’র প্রায় ৫০টি জেলা ও শাখার শিল্পীরা ঐতিহ্যসমৃদ্ধ লোক সংস্কৃতির পরিবেশনা নিয়ে উপস্থিত হবেন এই সম্মেলনে। তিনদিনের এই সম্মেলনে থাকছে বাংলার লোক-ঐতিহ্যের গৌরবোজ্জ্বল স্মারক পরিবেশনাগুলো।দীচী’র সাধারণ সম্পাদক আরো জানান, আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ভাষায় বিকশিত সংস্কৃতির যে অপার ভাণ্ডার রয়েছে তার প্রত্যেকটিই এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের সৃষ্টি। আমাদের সুখে-দুঃখে, হাসি-গানে, ঘুমে জাগরণে, প্রতিটি মুহূর্তে সেই সাংস্কৃতিক শক্তিই অবলম্বন হয়ে থাকে সবসময়। গান ছাড়া, নৃত্য-গীত, কথা-কাব্য, সুর ছাড়া এ জাতির কোনো মুহূর্ত কাটে না। আমাদের সংগ্রামও এইসব অনুসঙ্গ ছাড়া প্রাণ পাবে না। তাই এইসব শিল্প-সৃষ্টি নিয়েই মেহনতি মানুষকে তার মুক্তির সংগ্রামের নতুন পথ রচনা করতে হবে। উদীচী বিশ্বাস করে বাংলার পলিবিধৌত মাটিতেই নিহিত আছে লড়াইয়ের সর্বোচ্চ প্রেরণা, বিজয়ের মন্ত্রণা। শোষণমুক্ত, বৈষম্যহীন হাসি-গানে মুখরিত বাংলাদেশই উদীচী’র স্বপ্ন- যেখানে মানুষ তার আপন মর্যাদায় বাঁচবে, মাথা তুলে দাঁড়াবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম