Home / অপরাধ / গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি
21 6 26 1111

গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি

ঢাকা, রবিবার ২১ জুন ২০২৬ মাসস

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে মহানগর যুবলীগের ব্যানারে নগরের কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’

মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের, নাকি আগের কোনো ঘটনার; তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহানগরের বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। এ ছাড়া ব্যানারের এক পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।

মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—এ ধরনের স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাঁদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার প্রথম আলাকে বলেন, আজকে সকালে মিছিলটি হয়েছে বলে তথ্য পেয়েছেন। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে।

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 6 26 2

সাতকানিয়ায় বন কেটে সড়ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বৈতরণি সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে দুটি সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছে বন …