Home / উন্নয়ন / ‘২ হাজার কোটি টাকা ব্যয়ে বিআরটি রুট হতে যাচ্ছে’
obeadulqaderbrtarutembd

‘২ হাজার কোটি টাকা ব্যয়ে বিআরটি রুট হতে যাচ্ছে’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ ডিসেম্বর ২০১৬ । ২১ অগ্রহায়ণ ১৪২৩

রাজধানী ঢাকার একটি বড় সমস্যা সড়কে যানজট। এ যানজটের কারণে নগরবাসীর ভোগান্তির শেষ নেই। এতে করে মানুষের মহামূল্যবান সময়ের অপচয় হচ্ছে- আবার জরুরি কাজগুলোও জরুরি ভিত্তিতে করা সম্ভব হচ্ছে না। ফলে নাগরিক জীবনের মানের যেমন উন্নতি হচ্ছে না তেমনি ব্যক্তি ও দেশের উন্নতিও বিঘ্নিত হচ্ছে। এদিকটি বিবেচনা করে সরকার নানা প্রকল্প হাতে নিচ্ছে।

সরকার প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে মহানগরীর যানজট নিরসনে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত দ্রুতগতির বাস সার্ভিস বা বিআরটি রুট নির্মাণ করতে যাচ্ছে। আর বিশ্বব্যাংক এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নে ইতিবাচক সাড়া দিয়েছে। আগামী মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশ্বব্যাংকের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশন ঢাকায় আসছে। সংবাদ বাসস-এর।

মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সাথে রোববার বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী বলেন, বাস র‌্যাপিড ট্রানজিট রুট-৩ হবে বিমানবন্দর থেকে কেরানীগঞ্জের ঝিলমিল পর্যন্ত। এ প্রকল্পটি ৩টি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত, ২য় ও ৩য় পর্যায়ে যথাক্রমে মহাখালী থেকে গুলিস্তান এবং গুলিস্তান থেকে ঝিলমিল পর্যন্ত।

ওবায়দুল কাদের জানান, প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে বিশ্বব্যাংক ১ম পর্যায়ের কাজ দ্রুত শুরু করতে চায়।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বিআরটি রুট-৩ নির্মাণে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই এবং বিস্তারিত নকশা প্রণয়নে কাজ শেষ করেছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত ২২৫ কিলোমিটার সড়ক চার-লেনে উন্নীত করতে প্রয়োজনীয় অর্থায়নে বিশ্ব ব্যাংককে প্রস্তাব দেয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব ব্যাংক এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।

বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের অপারেশনস ম্যানেজার রাজশ্রী এস পারালকারের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হচ্ছেন- দক্ষিণ এশিয়া বিষয়ক পরিবহন ও আইসিটি’র প্রাকটিস ম্যানেজার কারলে গঞ্জালেজ কার্ভাজল, সিনিয়র আরবান ট্রান্সপোর্ট স্পেশালিস্ট শিজ সাকাকি ও সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট আশিষ ভদ্র এবং ঢাকা অফিসের প্রোগ্রাম লিডার লিয়া কারোল সিঘার্ট।

ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল ও মোহাম্মদ বেলায়েত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা মহনগরীর জন্য প্রণীত দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার আওতায় ইতোমধ্যেই বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি রুট-৪ নির্মাণের কাজ শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার একথা বলা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.