মাস্টারি বিডি ডটকম
শরীয়তপুর । ২৯ জানুয়ারি ২০১৭ । ১৬ মাঘ ১৪২৩
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক আজ বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রোবববার দুপুরে শরীয়তপুরের পালং তুলাশার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংবাদ বাসস-এর।
আইজিপি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। রাষ্ট্রের সব বিষয় জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে সবসময় সুসম্পর্ক ছিল, ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, যে পুলিশ বাহিনী একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল সে বাহিনী কখনো সন্ত্রাস ও স্বাধীনতা বিরোধীদের কাছে পরাজয় স্বীকার করতে পারে না। তারা যেকোন মূল্যে এদেশ থেকে জঙ্গিদের নির্মূল করবেই।
তিনি বলেন, পুলিশ দেশের মানুষের মধ্যে আস্থা, স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এতে পুলিশের মনোবল বেড়েছে।
মো. আলাউদ্দিন হাওলাদার সভাপতিত্বে অনুষ্ঠানে শরীয়তপুরের জেলা প্রশাসক মাহামুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার ও শরীয়তপুর সদরের পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল বক্তব্য রাখেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, আইজিপি শহীদুল হক ১৯৭৩ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম