Home / সাহিত্য / কবিতা / শেখ নজরুলের ৩টি সম্প্রীতির কবিতা
k-samprotik

শেখ নজরুলের ৩টি সম্প্রীতির কবিতা

মাস্টারি বিডি ডটকম । ঢাকা । ০৫ নভেম্বর ২০১৬ । ২১ কার্তিক ১৪২৩

শেখ নজরুলের ৩টি সম্প্রীতির কবিতা

এখন তুই মাঠ, আমি খেলছি
================
সেদিন আমরা ছিলাম একগাঁয়ে-
পাশাপাশি ঘর, কাছাকাছি উঠোন
লাগোয়া বারান্দা, একমাপে সিঁড়ি
দুই পায়ে এক-পথ, এক-দৌড়
দুই চোখে এক-দেখা, এক-ভোর
দুই জনে ভাগকরা এক অনটন
সেদিনও আমি ভাই, তুই বোন।

তখন আমাদের একসাথে ঘুমভাঙা
একসাথে কলপারে, এক জলে কুলকুচি
এক রুমালে মুখ মোছা, দুই জনে
এক চাওয়া, এক পাওয়া, দুই মনে

তুই হিন্দু, আমি মুসলিম
তুই বৌদ্ধ, আমি খ্রিস্টান
তুই রানু, আমি রফিকুল
তুই রা-রা, আমি রফি-রফি

তখন আমরা ডাকতাম দুইজনে
ছোট-ছোট প্রিয়নামে-
তুই রা-রা, আমি রফি-রফি
সকাল, দুপুর, বিকেল কী সন্ধেরাতে
তুই অহিংস, আমি গির্জার ঘণ্টা হাতে
তুই উলুশাঁখ, আমি তিলওয়াতে।

তখন আমরা এক ভোরে
এক জানালার দুই পাশে
এক রোদে, এক মেঘে, এক বৃষ্টিতে
একসাথে পোড়খাওয়া, একসাথে ভেজা
একসাথে তালপাতা দিয়ে বানানো বাঁশি-
একঠোঁটে ফুঁ-ফুঁ, একসাথে বেজেওঠা

তুই ফুঁ-ফুঁ, আমি পাতা-পাতা
তুই ফুঁ-ফুঁ, আমি পাতা-পাতা

তুই হিন্দু, আমি মুসলিম
তুই বৌদ্ধ, আমি খ্রিস্টান

সেদিনও ছিলাম-আমি ভাই, তুই বোন
আমি মসজিদ, তুই সনাতন

তখন আমরা এক স্কুলে, এক বেঞ্চিতে
একসাথে পড়া, একঠোঁটে পারা না পারা
তখন আমরা দুজনের একখাতা ছিঁড়ে
বানাতাম রঙিন কাগজের নৌকো
ভাসাতাম একদিঘির বুকে
দিতাম দুই হাতে একমাপে ঢেউ

তুই শ্যামবাজার, আমি সদরঘাট
তুই বসন্ত-হাওয়া, আমি খোলা-মাঠ
আমি খোলা-খোলা, তুই গুন-গুন
তখন তুই রানু, আমি তোর রফিকুল

আমাদের চারচোখ ভাগাভাগি দুই জনে
তোর হাত চোখে, আমি চোখ মেলছি
তোর হাত চোখে, আমি চোখ মেলছি
তোর হাত চোখে, আমি চোখ মেলছি

এখন তুই মাঠ, আমি খেলছি!

*****

মালাউন শব্দটি কিভাবে আমাদের হলো!
*****************************
এদেশ কারো একার নয়
এ যে সব ধর্মের মানুষের দান
এখানে বাঙালিই প্রথম পরিচয়
তারপর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান

এখানে গোলাপ সবার জন্য মুক্ত
এখানে সবার জন্য ফলে এক ধান
এখানে বাঙালিই প্রথম পরিচয়
তারপর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান

এখানে বসন্ত জাগ্রত সবার দ্বারে
নবান্ন বয়ে আনে একই আঘ্রাণ
এখানে বাঙালিই প্রথম পরিচয়
তারপর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান

এখানে সবার স্বপ্ন একমাপে বোনা
সবার কণ্ঠে বাজে একসুরে গান
এখানে বাঙালিই প্রথম পরিচয়
তারপর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান

এখানে মসজিদ মন্দির এক মানবের
প্যাগোডা গীর্জায় ওঠে এক আহ্বান
এখানে বাঙালিই প্রথম পরিচয়
তারপর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান

তবে তুমি মালাউন হলে আমিও মালাউন
যখন আমরা বাঙালি-এক আত্মা, এক প্রাণ
যখন মানুষই আমাদের প্রথম পরিচয়
তারপর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান!

*****

তোরও দুপুর হয়, বিকেল নামে, আসে বৃষ্টির ভোর
============================
কই যাবি বোন
কই যাবি তুই
এই মাটি তোর
এইখানে তোর জন্ম
এইখানে ভাসে তোর
নাড়িকাটা ঘ্রাণ

এখানে তুই
ঘর বেধেছিস
এই মাটিতে ঘুমায়
তোর পূর্বপুরুষ
এই মাটির গভীরে
তোরও আছে
শস্যের ইতিহাস

কই যাবি বোন
কই যাবি তুই
এই মাটি তোর
এইখানে তোর জন্ম
এইখানে ভাসে তোর
নাড়িকাটা ঘ্রাণ

কই যাবি তুই
কেনো যাবি তুই
নিজের ভুই ছেড়ে
এই মাটির বুকে
তুইও বুনেছিস
সোনালী ফসল

এই আঙিনায়
তোরও আছে
লাউয়ের মাচান
এই উঠোনে
তোরও আছে
নরম পায়চারী

কই যাবি বোন
কই যাবি তুই
এই মাটি তোর
এইখানে তোর জন্ম
এইখানে ভাসে তোর
নাড়িকাটা ঘ্রাণ

তোর ভিটের বুক ছুঁয়ে
বয়ে গেছে নদী
হাসি-কান্না নিরবধি
এইখানে বাঁশঝাড়ে
তোরও ঝরে জোছনা
অবাক আলোর বুকে
তোরও স্বপ্ন চিরকাল

এই নদীর জোয়ার
এই ভাটির টান
তোরও আছে গান-
জারি-সারি ভাঁটিয়ালি
তোর দিঘির পাশে
নারিকেল পাতার ফাকে
চাঁদ ওঠে, রাত নামে
তোরও ভাগ আছে
জোনাক জ্বলা ঘুমে

তোরও আছে ফালগুন
কৃষ্ণচূড়ার লালরঙে
তোরও দুপুর হয়
বিকেল নামে
আসে বৃষ্টির ভোর

এই মা, এই মাটি
এই দেশ, এই পতাকা

আমার মতো ঠিক ঠিক
অর্ধেক তোর!

কই যাবি বোন
কই যাবি তুই
এই মাটি তোর
এইখানে তোর জন্ম
এইখানে ভাসে তোর
নাড়িকাটা ঘ্রাণ

*****

পরিচিতি :
শেখ নজরুল। জন্ম-সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে । বাবা-প্রয়াত স্কুল-শিক্ষক নূরুল ইসলাম । মা-রাশিদা খানম।

প্রকাশিত গ্রন্থ ৪১টি। প্রথম প্রকাশিত কবিতার বই ‘যতক্ষণ তুমি মাধবী’।
কাব্যগ্রন্থ : ‘পাঁজরের মানচিত্রে অনেক নদী’, ‘কষ্টের অনুবাদ’, ‘মা ও জোনাক তারার কাব্য’, ‘অষ্টধাতুর মাদুলি’, ‘আমার খুনের তালিকায় জোছনাও আছে’, ‘মলাটবন্দি চেতনার কফিন’, ‘মেঘ সম্পাদনা’, ‘মীমাংসিত মৃত্যু অমীমাংসিত জীবনে’, ‘নারীনিধি’, ‘রাষ্ট্র বনাম একা’, ‘আপেল কাটা ছুরি’, ‘গোলাপি দরজা’, ‘পতাকায় ফাল্গুন মানচিত্রে বসন্ত’, ‘ফুলশুমারি’, ‘আমাদের ভদ্র হবার গল্প’, ‘এখন তুই মাঠ, আমি খেলছি’, ‘গোলাপেও দুর্দিন ফোটে‘।
ছড়াগ্রন্থ : ‘কার ঘাড়ে কে চড়ে’, ‘ফন্দিফিকির’, ‘কাঠমোল্লা’, ‘রাজনীতি এ্যটরেট জনগণ ডটকম’, ‘বুকের ভেতর বাংলাদেশ’, ‘বৃষ্টিকাব্য’, ‘বন্ধুকাব্য’, ‘মুঠির ভেতর আগুন ঝরে কার’, ‘সময়ের কাব্য’, ‘হায় পাখি’, ‘ছড়া বসন্ত’।
গল্পগ্রন্থ : ‘গ্লাসভাঙা দুপুর’।
আখ্যানকাব্য : ‘রাজাকারনামা’।
প্রবন্ধ : ‘গল্প রাতে নাটক সকালে’
তথ্যগ্রন্থ : ‘আন্তর্জাতিক দিবস জাতীয় ভাবনা’
সম্পাদিত গ্রন্থ : ‘আমার স্বপ্ন আমার স্বাধীনতা’, ‘কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা’, ‘দুই বাংলার মুক্তিযুদ্ধের নির্বাচিত কবিতা’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

RABBI

তোমার কাছে ভালো হবো কিরাম করে এবং অতঃপর

মাস্টারি বিডি | শান্তা ইসলাম ফিচার | ১৯ আগস্ট ২০২৩ | ৪ ভাদ্র ১৪৩০ HM Voice (হেড মাস্টার ভয়েস) এ সবশেষ প্রকাশিত গান …

Leave a Reply

Your email address will not be published.