Home / সাহিত্য / কবিতা / শেখ নজরুলের কবিতা থেরাপি-কন্যা ভালো থেকো ও অন্যান্য
K KANNYAA

শেখ নজরুলের কবিতা থেরাপি-কন্যা ভালো থেকো ও অন্যান্য

মাস্টারি বিডি ডটকম
মাদারীপুর । ২২ জানুয়ারি ২০১৭ । ০৯ মাঘ ১৪২৩

মন খারাপ? কিছু ভালো লাগছে না? মন ঘুমোতে চায়, কিন্তু ঘুম আসে না? দূরে কোথাও কি কেউ সুরে সুরে কাঁদছে? গভীর রাতে সাগরের বুক থেকে যেমন আর্তনাদ ভেসে আসে, তেমনই কি বুকের খুব গভীর থেকে চিৎকার জাগছে? শরীরে কি ক্লান্তি ভর করেছে? দূরে পাহাড় কে মনে হচ্ছে সমতলভূমি, আর সমতল ভুমিকে মনে হচ্ছে, ঘোড়া দৌঁড়ের মাঠ।

জানো কি মনের খবর? মন কি কাউকে খুঁজছে? নাকি খুঁজতে চাচ্ছে না। মন কোথায় যেনো একা পালাতে চাচ্ছে? আবার মনে কি হচ্ছে সঙ্গে কেউ থাকলেই ভালো হতো।

মন কি বেপরোয়া? সম্পর্ক ভাঙছে? উপুড় হয়ে ঘুমোতে মন চাচ্ছে? সবচেয়ে কষ্টের কথা কি বালিশের সঙ্গেই হচ্ছে? মাথায় অকারণ ব্যথা, আবার ওষুধ খেতেও মন চাচ্ছে না! বরং মনে হচ্ছে, ব্যথাটা জিইয়ে থাক।

জীবন, সম্পর্ক, মন, সময় কিন্তু এমনই। কে ভালো করবে মনের অসুখ? মানুষ কি অসহ্য? এখানেই দরকার কবিতা। কবিতার যাদুতে উধাও হবে বালাই।

মনরোগ সারাতে কবিতা থেরাপির কোনও বিকল্প নেই।

মস্তিষ্কের অকেজো কোষগুলি ক্ষণিকের জন্য হলেও স্বাভাবিক হয়ে ওঠে কবিতা পাঠে। শরীর ও মনকে ফুরফুরে রাখতে কবিতাপাঠ অপরিহার্য। নিয়মিত কবিতা পাঠে সব পেইন অন্যত্র পাড়ি জমায়। মিলে যায় প্রশান্তির ঘুম।

মেজাজ এবং আবেগ নিয়ন্ত্রণ করে কবিতা। মস্তিষ্কের ডোপামিনের প্রভাবেই কষ্ট প্রতিষ্ঠা পায়। এই ডোপামিনকে নিয়ন্ত্রণ করে কবিতা। উচ্চ রক্তচাপ, ডিপ্রেশন, ঘুমে জড়তা বা স্মৃতি লোপের মতো অসুখ সারাতে কবিতা হতে পারে ভালো চিকিৎসা। কবিতা পাঠ মস্তিষ্কের পেশি স্বাভাবিক রাখে। ফলে, যে কোনো কারণে লোপ পাওয়া বাকশক্তি ফিরেপাওয়া সম্ভব হয়।

এ ছাড়া সিজোফ্রেনিয়া, অ্যামনেসিয়া, ডিমেনসিয়া, রোগের মহা ওষধ কবিতা। গর্ভবতী নারী নিয়মিত কবিতা পাঠ করলে অনাগত শিশুর মাররিক ও মানসিক বিকাশ সুন্দর হয়।

কবিতা পাঠের পর মন রিফ্রেশ হয়, ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার আগ্রহ ও মনোযোগ বাড়ে। শারিরিক প্রতিবন্ধি শিশুর মানসিক বিকাশে কবিতা থেরাপি ভিষণ কার্যকর।জীবনের জাগরণে কবিতার উচ্চারণ অবশ্যম্ভাবী। কবিতা থেরাপি শূন্য আত্মায় জাগিয়ে দেয় প্রেমের পূর্ণ স্পদন।

কন্যা ভালো থেকো

প্রতিটি ভোরে পাপ ছোঁবার আগে
তোমাকে বলেছি, কন্যা ভালো থেকো
প্রতিটি গভীর রাতে ঘুমাবার আগে
শেষবার জল পান করার মুহূর্তে
পিপাসাকে বলেছি, কন্যাকে ভালো রেখো।

দুর্ঘটনায় বেঁচে যওেয়া একমাত্র হয়ে
তোমাকে বলেছি, কন্যা ভালো থাকো
প্রতিটি ঋতুর প্রথম দিনের শুরুতে
তোমাকে বলেছি, কন্যা ভালো থেকো।

প্রতিটি কবিতার জন্য প্রস্তুতির আগে
কবিতাকে বলেছি, কন্যাকে শব্দ দিও

তোমাকে ভালো রাখার জন্য, আমার
সবশেষ জমিনে গোলাপ বাগান করেছি
প্রতিটি ভোরে অনেক গোলাপ ফুটবে
আমি গোলাপের পাশে হাঁটতে হাঁটতে
গোলাপকে বলবো, কন্যাকে ভালো রেখো।

তছবি দানার সীমাবদ্ধ জিকিরে নয়
আমি লক্ষ-কোটি নিঃশব্দ প্রার্থনায়
চেয়েছি, কন্যা তুমি নিরাপদ থাকো।

হঠাৎ চোখ খুইলা মানুষ দ্যাখবে

একখান কবিতা লিইখা
তাক লাগাইয়া দিতে পারবা নাকি?
মানুষ চাইয়া থাকবে, মানুষ হাইস্যা উঠবে
মানুষ ধান ক্ষ্যাত থেইকা কাছা খুইলা
পাইছি পাইছি কইরা দেবে দৌঁড়
হঠাৎ চোখ খুইলা মানুষ দ্যাখবে
আচানক এক ভোর

একখান কবিতা লিইখা
ভালোবাসা শিখাইতে পারবা নাকি?
মানুষ স্বপ্ন বুনবে, মানুষ জোছনা মাখবে
মানুষ মরার ঘুম থেইকা চোখ খুইলা
পাইছি পাইছি বইলা দেবে ডাক
সেইরাম একখান কবিতা
সবাই মিইল্যা লিখা যাক

একখান কবিতা লিইখা
ধর্ষিতা মাইয়াডার সম্মান বাঁচাতে পারবা নাকি?
মানুষ জ্বইলা উঠবে, মানুষ ফুইসা উঠবে
মানুষ আন্ধার থেইকা মশাল হাতে
শুরু করবে আলোর মিছিল
সেইরাম একখান কবিতায় ভরুক
আকাশের সব নীল।

আমি কেবল প্রেম বুঝি, বুঝি কিছু কবিতা

মানুষ ভালো হয়ে গেছে, আমার দেখার খুব ইচ্ছে
ভুলে যেতে চাই হাড়ে-মাংসে চেতনা তাড়া দিচ্ছে
আমার তো অস্ত্র নেই, বোমার কিছুই বুঝি না
কেউ দু ঘা দিলে, ভুলেও এক আঙুলও খুঁজি না

আমি কেবল প্রেম বুঝি, বুঝি কিছু কবিতা
কোরআন কিছু বুঝি, বুঝি বাইবেল, ত্রিপিটক
বুঝি কিছু ভগবত গীতা।

সেই সব কথা বলি, লিখি, গাই তাকে সুরে
কোথায় কত প্রেম আছে, দেখি মাটি খুঁড়ে
শূন্যতার শূন্যে খুজি তাকে অন্ধ দৃষ্টিপাতে
কিছুই তো থাকে না শেষতক
কবিতাই থাকে হাতে।

সারা দেহ ভরে আছে কবিতার সোনালী পালক
কবিতাই মানুষ, কবিতাই প্রেম, কবিতাই আনন্দলোক
কবিতাই ফসল, কবিতাই বৃষ্টি, কবিতাই দুঃখ-শোক

মানুষ হত্যার বিরুদ্ধে দাঁড়ায় সেই কবিতা
বৃক্ষ বিনাশের বিপক্ষে দাঁড়ায় সেই কবিতা
নারী নিগ্রহের সামনে দাঁড়ায় সেই কবিতা
শিশু নির্যাতনে চিৎকার করে সেই কবিতা
নদী দখলের ঘৃণা জানায় সেই কবিতা

মানুষ ভালো হয়ে গেছে, আমার দেখার খুব হচ্ছে
ভুলে যেতে চাই শিরায় শিরায় প্রতিশোধ তাড়া দিচ্ছে!

কবির চুলে কবিতার গন্ধ

কবির চোখ সবচেয়ে সুন্দর
তুমি তার চোখ দিয়ে দেখতে পারো
কবির হাত সবচেয়ে নির্ভরযোগ্য
তুমি তার হাত ধরে হাঁটতে পারো

কবির পদক্ষেপ সবচেয়ে পরিমার্জিত
তুমি তার পদচিহ্নে পা ফেলতে পারো
কবির ঠোঁট আজন্ম কলুষমুক্ত
তুমি তার ঠোঁটে চুম্বন আঁকতে পারো

কবির চুল বসন্তের বাতাস মাখা
তুমি তার চুলের গন্ধ নিতে পারো
কবির বুক ঘুমের মতো প্রশস্থ
তুমি তার বুকে মাথা রাখতে পারো

কবির কপালে লেখা সুন্দর সময়
তুমি তাকে ছুঁয়ে আগামী পড়তে পারো!

কষ্ট হচ্ছে?
কবিতা পড়ো, ভালো লাগবে
ঘুম আসছে না?
কবিতা পড়ো, ভালো লাগবে
মায়ের মুখ মনে পড়ছে?
কবিতা পড়ো, ভালো লাগবে

বৃষ্টি হচ্ছে?
ভিজতে পারছো না?
কবিতা পড়ো, ভালো লাগবে
কাউকে ভালোবাসতে মন চাইছে?
বলতে পারছো না?
কষ্ট পাচ্ছো?
কবিতা পড়ো, ভালো লাগবে!

কষ্ট যদি অজানা, অচেনা
খুববেশি ভারী মনে হয়
তবে কবিকে পড়তে পারো
নিশ্চিত ভালো লাগবে !

পরিচিতি :
শেখ নজরুল। জন্ম-সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে । বাবা-প্রয়াত স্কুল-শিক্ষক নূরুল ইসলাম । মা-রাশিদা খানম।

প্রকাশিত গ্রন্থ ৪১টি। প্রথম প্রকাশিত কবিতার বই ‘যতক্ষণ তুমি মাধবী’।
কাব্যগ্রন্থ : ‘পাঁজরের মানচিত্রে অনেক নদী’, ‘কষ্টের অনুবাদ’, ‘মা ও জোনাক তারার কাব্য’, ‘অষ্টধাতুর মাদুলি’, ‘আমার খুনের তালিকায় জোছনাও আছে’, ‘মলাটবন্দি চেতনার কফিন’, ‘মেঘ সম্পাদনা’, ‘মীমাংসিত মৃত্যু অমীমাংসিত জীবনে’, ‘নারীনিধি’, ‘রাষ্ট্র বনাম একা’, ‘আপেল কাটা ছুরি’, ‘গোলাপি দরজা’, ‘পতাকায় ফাল্গুন মানচিত্রে বসন্ত’, ‘ফুলশুমারি’, ‘আমাদের ভদ্র হবার গল্প’, ‘এখন তুই মাঠ, আমি খেলছি’, ‘গোলাপেও দুর্দিন ফোটে‘।
ছড়াগ্রন্থ : ‘কার ঘাড়ে কে চড়ে’, ‘ফন্দিফিকির’, ‘কাঠমোল্লা’, ‘রাজনীতি এ্যটরেট জনগণ ডটকম’, ‘বুকের ভেতর বাংলাদেশ’, ‘বৃষ্টিকাব্য’, ‘বন্ধুকাব্য’, ‘মুঠির ভেতর আগুন ঝরে কার’, ‘সময়ের কাব্য’, ‘হায় পাখি’, ‘ছড়া বসন্ত’।
গল্পগ্রন্থ : ‘গ্লাসভাঙা দুপুর’।
আখ্যানকাব্য : ‘রাজাকারনামা’।
প্রবন্ধ : ‘গল্প রাতে নাটক সকালে’
তথ্যগ্রন্থ : ‘আন্তর্জাতিক দিবস জাতীয় ভাবনা’
সম্পাদিত গ্রন্থ : ‘আমার স্বপ্ন আমার স্বাধীনতা’, ‘কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা’, ‘দুই বাংলার মুক্তিযুদ্ধের নির্বাচিত কবিতা’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 25 1

পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক : ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫ মাসস রবিবার সকালে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে …

Leave a Reply

Your email address will not be published.