Home / জাতীয় / শুরু হচ্ছে ইসি পুনর্গঠনের সংলাপ
43505_bd

শুরু হচ্ছে ইসি পুনর্গঠনের সংলাপ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ ডিসেম্বর ২০১৬ । ২৯ অগ্রহায়ণ ১৪২৩

১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সংলাপ। ইসি গঠনে রাষ্ট্রপতি সোমবার বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দলকে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন। বাকি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে পর্যায়ক্রমে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। তবে নিবন্ধন বাতিল হওয়া স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী সংলাপের জন্য বঙ্গভবনে যাওয়ার আমন্ত্রণ পাচ্ছে না বলেই জানা গেছে। সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হচ্ছে এই আলোচনা।

এ ব্যাপারে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সোমবার জানান, ’সোমবার দুপুরের পর পাঁচটি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য নিবন্ধিত দলগুলোকে চিঠি পাঠানো হবে। আগামী ১৮ ডিসেম্বর প্রথম দিন বিকেল ৪টায় বিএনপির সঙ্গে সংলাপের সূচী ঠিক করা হয়েছে।’

রাষ্ট্রপতির প্রেস সচিব আরও জানান, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির পর আগামী ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) আলোচনার জন্য বঙ্গ ভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন গঠন করার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে পারেন। তবে ২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন যে নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, তার অধীনেই অনুষ্ঠিত হবে ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারও ‘সার্চ কমিটি’ গঠন করে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেবেন বলে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল ইসলাম আগেই জানিয়ে দিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.